কাদের সিদ্দিকীর 'অবস্থান' চলছে বিছানা নিয়ে গেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর ‘নিরবচ্ছিন্ন অবস্থান’ কর্মসূচির স্থান থেকে গতকাল দুপুরে শামিয়ানা, চৌকি, বিছানাপত্র নিয়ে যান পুলিশ সদস্যরা l প্রথম আলো
রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর ‘নিরবচ্ছিন্ন অবস্থান’ কর্মসূচির স্থান থেকে গতকাল দুপুরে শামিয়ানা, চৌকি, বিছানাপত্র নিয়ে যান পুলিশ সদস্যরা l প্রথম আলো

রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর ‘নিরবিচ্ছিন্ন অবস্থান’ কর্মসূচির স্থান থেকে শামিয়ানা, চৌকি, বিছানাপত্র, চেয়ার, ভ্রাম্যমাণ টয়লেটসহ আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে গেছে পুলিশ। তিনি গতকাল শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে গেলে ওই সময়ে পুলিশ এসব নিয়ে যায়। নামাজ পড়ে এসে তিনি চাটাইয়ের ওপর চাদর বিছিয়ে অবস্থান শুরু করেন। অবশ্য পুলিশ এসব নেওয়ার কথা অস্বীকার করেছে।
কাদের সিদ্দিকী গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাধা আসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’ হরতাল-অবরোধ প্রত্যাহারে খালেদা জিয়ার প্রতি আহ্বান এবং সংলাপ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি এই কর্মসূচি শুরু করেন। গতকাল ছিল তাঁর এই অবস্থানের দশম দিন। তাঁর দাবির প্রতি দুই পক্ষের কেউই এখনো সাড়া দেননি।
এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অবস্থান স্থান থেকে কাদের সিদ্দিকীর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ছয়জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাঁরা হলেন কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সচিব ফরিদ আহমেদ, এপিএস আলমগীর হোসেন, ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের নেতা কাওসার জামান খান, যুবনেতা আবদুর রাজ্জাক, টিপু সুলতান ও রোকনুজ্জামান।

তিনি ওই সময় জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। পরে ফিরে এসব না পেয়ে ফুটপাতে চাটাইয়ের ওপর চাদর বিছিয়ে অবস্থান শুরু করেন l প্রথম আলো
তিনি ওই সময় জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। পরে ফিরে এসব না পেয়ে ফুটপাতে চাটাইয়ের ওপর চাদর বিছিয়ে অবস্থান শুরু করেন l প্রথম আলো

গতকাল বিকেলে মতিঝিলে গিয়ে দেখা যায়, একটি পেট্রলপাম্পের কাছে ফুটপাতে চাদরের ওপর কাদের সিদ্দিকী বসে আছেন। তাঁর পাশে পরিবারের কয়েকজন সদস্যও আছেন। সামনে দলীয় নেতা-কর্মীরা বসে আছেন। একজন একটি খাতা নিয়ে দাবির সপক্ষে সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করছেন এবং অর্থ সহায়তা নিচ্ছেন। যাঁরা অর্থ সহায়তা দিচ্ছেন তাঁদের পাঁচ টাকা লেখা একটি রসিদ দেওয়া হচ্ছে।
কাদের সিদ্দিকী যে ফুটপাতে অবস্থান করছেন, তার পেছনেই একটি ভবনের দোতলায় তাঁর দলের কেন্দ্রীয় কার্যালয়। অবস্থানের জন্য ফুটপাতে বাঁশ দিয়ে শামিয়ানা টানানো হয়েছিল। তাঁর ঘুমানোর জন্য চৌকিসহ বিছানার ব্যবস্থা করা হয়েছিল। একটি ভ্রাম্যমাণ টয়লেটও এনে রাখা হয়। পুলিশ গতকাল এর সবই নিয়ে যাওয়ায় তিনি খোলা আকাশের নিয়ে চাদরের ওপর বসে থাকেন।
পুলিশ যখন এগুলো নিয়ে যাচ্ছিল, তখন কৃষক শ্রমিক জনতা লীগের কোষাধ্যক্ষ আবদুল্লাহ (বীর প্রতীক) বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি পুলিশ ও ডিবিকে বলেছিলাম, বঙ্গবীর এলে নেন। তারা তা শুনল না। উল্টো বলল, বাধা দিলে আমাকেই নাকি নিয়ে যাবে।’
কাদের সিদ্দিকীর অবস্থানস্থলের শামিয়ানাসহ অন্যান্য জিনিস নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী রাতে প্রথম আলোকে বলেন, ওখান থেকে কিছুই নেয়নি পুলিশ। তাঁকে কর্মসূচি পালনে বাধাও দেওয়া হয়নি।
গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের কিছুটা দূরে গুলশান ২ নম্বর গোলচত্বরে সড়কের এক পাশে হরতাল-অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে। এই অবস্থান হচ্ছে ‘সম্মিলিত গাড়িচালক ও শ্রমিকবৃন্দ’র ব্যানারে।