কাদেরের কাছে গোবিন্দগঞ্জের সাংসদের বিরুদ্ধে নালিশ
স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদের ইন্ধনেই গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে অভিযোগ করেছেন সাঁওতালদের একটি প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তাঁরা বলেছেন, সাংসদ মাইক হাতে নিয়ে সাঁওতালদের ওপর গুলি করার কথা বলেছেন। এই ভিডিও ফুটেজ তাঁদের কাছে রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের সাঁওতালদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ সময় সাঁওতালদের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাঁদের নানা সমস্যার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দি, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম প্রমুখ। স্থানীয় লোকজনের এ প্রতিনিধিদলে ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির নেতা ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান, গণেশ মুরমু প্রমুখ।
বৈঠক উপস্থিত পঙ্কজ ভট্টাচার্য আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা ওবায়দুল কাদেরের কাছে বলেছি, স্থানীয় সাংসদ হলেন প্রথম গণশত্রু এবং দ্বিতীয় গণশত্রু হলেন স্থানীয় চেয়ারম্যান।’
বৈঠকে উপস্থিত অন্তত চারজন নেতা প্রথম আলোকে বলেন, ওবায়দুল কাদের সাঁওতাল প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ত্রাণ প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া। এটা প্রত্যাখ্যান করা ঠিক হয়নি। জবাবে সাঁওতাল নেতারা বলেন, যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গুলি হলো, মানুষ মেরে ফেলা হলো, সেই ইউএনওর হাত দিয়ে ত্রাণ বিতরণ মশকরা ছাড়া আর কিছুই নয়। ইউএনওর হাত দিয়ে তাঁরা ত্রাণ নেবেন না। পরে বৈঠক থেকেই জেলা প্রশাসককে ফোন দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণের নির্দেশ দেওয়া হয়। আগামীকাল বুধবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ত্রাণবাহী গাড়ি যাবে। এ সময় সাঁওতালদের পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অবশ্যই ত্রাণ নেবেন। তাঁদের ঘরে খাবার নেই। থাকার জায়গা নেই। ত্রাণ তো অবশ্যই নেবেন।
স্থানীয় ব্যক্তিদের প্রতিনিধিরা অভিযোগ করেন, সহিংসতার ঘটনায় পুলিশ পাঁচটি মামলা করেছে। সবাই পালিয়ে বেড়াচ্ছেন। নারীরা অসহায় অবস্থায় আছেন। পুলিশের ভয়ে তাঁরা মামলা করতে পারছেন না। পুলিশ মামলা নিচ্ছেও না।
এ সময় আওয়ামী লীগের নেতারা গাইবান্ধার পুলিশ সুপারকে ফোন করেন। সাঁওতালদের মামলা না নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চান। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, সাঁওতালরা মামলা করতে আসেননি। এলে অবশ্যই নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত থাকা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রথম আলোকে বলেন, ‘ওবায়দুল কাদের তাঁদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য ও সম্মানজনক একটা সমাধান করা হবে। তবে আমরা বলেছি, পুলিশের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। আটক ব্যক্তিদের ছেড়ে দিতে হবে। আমাদের পক্ষ থেকেও মামলা নিতে হবে।’