কাদেরের ফাঁসির রায় পুনর্বিবেচনা প্রশ্নে শুনানি সাড়ে ১১টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে সাড়ে ১১টায় শুনানি হবে। আসামিপক্ষ মৌখিকভাবে সময় চাইলে আদালত এ সময় নির্ধারণ করেন।

সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। অপর বিচারপতিরা হলেন—সুরেন্দ্র কুমার সিনহা, আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

কাদের মোল্লার পক্ষে শুনানি করেন  আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও  আবদুর রাজ্জাক।

প্রধান বিচারপতি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলো, আদালত রিপোর্টিং সাংবাদিকতা করতে হলে দায়িত্বশীল আচরণ করতে হয়। সঠিকভাবে না জেনে তথ্য দেওয়া ঠিক নয়। অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিসের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রচার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কি চিফ জাস্টিসের সঙ্গে বৈঠক করতে পারেন? অ্যাটর্নি জেনারেল আবেদন নিয়ে আসতে পারেন, শুনানি করতে পারেন। এটুকু দায়িত্ববোধের সঙ্গে যার যার দায়িত্ব পালন করলে ভালো হয়।’

এর আগে সকাল সোয়া নয়টায় শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন, সম্প্রচার মাধ্যমে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিসের সঙ্গে বৈঠক করেছেন। অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিসের সঙ্গে বৈঠক করতে পারেন না, তিনি শুনানি করবেন।’

সকাল সোয়া নয়টার দিকে এজলাসে আসেন প্রধান বিচারপতি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

সে সময় প্রধান বিচারপতি বলেছিলেন, সম্পূরক কার্যতালিকা প্রক্রিয়াধীন আছে। তালিকা এলে শুনানি হবে।

সকাল নয়টা ১০ মিনিটের দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এজলাসকক্ষে আসেন। সোয়া নয়টায় আদালত বসার পর অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাকে অবহিত না করে, কপি সরবরাহ না করে, কাদের মোল্লার আইনজীবীরা গতকাল রাতে চেম্বার বিচারপতির কাছে যান। এখনো পুনর্বিবেচনার আবেদন করা হয়নি। মিডিয়া সম্প্রচার করেছে, আমি নাকি সেখানে ছিলাম। অথচ আমি হাসপাতালে ছিলাম।’

১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় দিয়েছিলেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মো. আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করা হয়।

সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানের কাছে একটি চিঠি পাঠায়। তাতে লেখা ছিল, ‘রাত আট ঘটিকার সময় আপনাকে আবদুল কাদের মোল্লার সঙ্গে দেখা করার অনুরোধ জানানো হলো। বিষয়টি অতিব জরুরি।’ এর পরই বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ ব্রিফিং করে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ব্রিফিংয়ে জানানো হয়, (গত) রাত ১২টা এক মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সে অনুযায়ী সবকিছু প্রস্তুত করা হয়। দেশে এই প্রথম কোনো ব্যক্তির ফাঁসির রায় কার্যকর করার ক্ষণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

এই ঘোষণার পরপরই কাদের মোল্লার আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসায় হাজির হন। তাঁরা দণ্ড স্থগিতের আবেদন করেন। রাত সাড়ে ১০টার দিকে চেম্বার বিচারপতি আদেশ দেন, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির কার্যক্রম স্থগিত করা হলো।

কাদের মোল্লার প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা ফাঁসির কার্যকারিতার স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজের কাছে আবেদন করেছিলাম। চেম্বার বিচারপতি রায়ের কার্যকারিতা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করেছেন।’

এর পরই তাঁরা আদেশের কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান এবং কারা কর্তৃপক্ষকে তা অবহিত করেন।