কাদেরের বক্তব্য নিয়েছে পুলিশের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদেরের ওপর পুলিশের নির্যাতনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। গতকাল রোববার কমিটি কাদেরের বক্তব্য নিয়েছে।তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, গতকাল পর্যন্ত আইন মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের উপসচিব শেখ আবু সালেহ মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, আইনমন্ত্রী ও আইনসচিব দেশের বাইরে থাকায় কমিটি গঠন করা সম্ভব হয়নি।মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া গাড়ি ছিনতাই মামলায় আজ সোমবার নিম্ন আদালতে কাদেরের জামিনের শুনানি হবে। খিলগাঁও থানার ডাকাতি চেষ্টা ও অস্ত্র মামলায় জামিন শুনানি হবে আগামী বুধবার। খিলগাঁও থানার দুটি মামলাই তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।কাদেরের ওপর নির্যাতনকারী কর্মকর্তাদের স্থায়ী চাকরিচ্যুতি ও কাদেরের মুক্তির দাবিতে গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।পুলিশের তদন্ত কমিটি: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে গিয়ে কাদেরের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। এরপর তাঁরা মামলায় উল্লিখিত খিলগাঁওয়ের ঘটনাস্থল ও কাদেরের উল্লিখিত সেগুনবাগিচার ঘটনাস্থলে তদন্ত চালাবেন।হাইকোর্টের নির্দেশ মোতাবেক গঠিত এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।কাদেরের বোন জান্নাতুল মাওয়া প্রথম আলোকে বলেন, গতকাল বেলা তিনটার দিকে তদন্ত কমিটির সদস্যরা কাদেরের সঙ্গে কথা বলেন। এ সময় কাদেরের মাকেও তাঁর কাছ থেকে সরিয়ে দেওয়া হয়। কাদের এখনো দাঁড়াতে পারছেন না বলেও জান্নাতুল জানান।তদন্তসংশ্লিষ্ট মহানগর পুলিশের কর্মকর্তারা বলেছেন, কাদেরকে নিয়ে ওই রাতে কী ঘটেছিল তা জানার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথা থেকে কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর শরীরে কীভাবে ক্ষতের সৃষ্টি হয়েছে এগুলো জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছে কমিটি। সব তথ্য নিয়ে দুটি থানায় দায়ের হওয়া তিনটি মামলার এজাহার ও বাস্তবতার বিশ্লেষণ করা হচ্ছে।প্রতিবাদ বিক্ষোভ: কাদেরের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে বক্তারা দোষী পুলিশ কর্মকর্তাদের স্থায়ীভাবে অপসারণের দাবি করেছেন। নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা গতকাল এই সমাবেশের আয়োজন করেন।দুপুর ১২টায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ওই সমাবেশে অংশ নেন।