ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র আবদুল কাদেরের মুক্তির দাবিতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে লিখিত আবেদন করেছে তাঁর পরিবার। তাঁর মা মনোয়ারা বেগম গতকাল বুধবার কমিশনের চেয়ারম্যানের কাছে এ আবেদন করেন।একই দাবিতে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।কাদেরকে ১৫ জুলাই গভীর রাতে খিলগাঁও থানার পুলিশ আটক করে। পরদিন তাঁকে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।কাদেরের বোন জান্নাতুল মাওয়া প্রথম আলোকে বলেন, ‘সকালে আমি, মা ও ভাইয়ার (কাদের) দুই বন্ধু মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়েছি। তিনি বলেছেন, জজকোর্টে ভাইয়া জামিন না পেলে হাইকোর্টে উনি আমাদের পরিবারের সঙ্গে থেকে লড়বেন। এ ছাড়া ভাইয়ার উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারের সঙ্গে কথা বলবেন এবং তাঁকে দেখতে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটা আমি পেয়েছি। ব্যক্তিগতভাবে এ বিষয়ে পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি। সাত দিনের মধ্যে ঘটনার তদন্ত করে এ বিষয়ে জানানোর জন্য বলেছি। আমরা জানতে পেরেছি, ওসি নিজেই ছেলেটিকে আঘাত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে পুলিশ কীভাবে এ ধরনের আচরণ করে, সে বিষয়টিও তদন্ত করতে বলেছি।’মিজানুর রহমান বলেন, নিম্ন আদালতে আবদুল কাদেরের জামিন না হলে মানবাধিকার কমিশন হাইকোর্টে গিয়ে তাঁর মুক্তির জন্য লড়বে।এদিকে কাদেরের সহপাঠীরা তাঁর মুক্তি এবং খিলগাঁও থানার ওসি হেলালউদ্দিনের শাস্তির দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কাদেরের জামিনের বিষয়ে কথা হয়েছে। শিগগির সে জামিনে মুক্তি পাবে বলে আমরা আশা করছি।’প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাদেরের বিষয়টি জেনেও কোনো উদ্যোগ নেয়নি।তবে প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘কাদেরের বিষয়ে খিলগাঁও থানা থেকে আমাদের কিছু জানানো হয়নি। শনিবার বেলা দুইটায় ঘটনাটি জেনেছি। ততক্ষণে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাই আমাদের আর কিছু করার ছিল না।’ ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, কাদেরসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বিষয়গুলো তদন্ত করছে।