কান ধরার মামলায় বাছিত জামিনে
ত্রাণ পেয়েও না পাওয়ার অভিযোগে কান ধরার ঘটনায় মানহানি ও মারধরের মামলায় গ্রেপ্তার হওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল বাছিত ওরফে বাবুল জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল রোববার রাতে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়েরের পর রাত সাড়ে ১২টার দিকে বাছিতকে গ্রেপ্তার দেখানো হয়। আজ সোমবার দুপুরে সিলেট মহানগরের বিচারিক হাকিম (দ্বিতীয়) হরি দাস কুমারের আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় বাছিতের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী আজ সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ নিয়ে সুধী সমাবেশ চলাকালে একটি বেসরকারি টেলিভিশনকে ত্রাণ পাইনি বলে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইনাতআলীপুর গ্রামের লুৎফুর রহমানফে কান ধরিয়ে ওঠবস করান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল বাছিত । এ সময় লুৎফুরও হাতজোড় করে ক্ষমা চান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ছবি প্রচার হলে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে লুৎফুর ও বাছিতকে মোগালাবাজার থানায় ডেকে নেয় পুলিশ। দুজনের বক্তব্য শোনার পর লুৎফুর বাদী হয়ে বাছিতকে একমাত্র আসামি করে মামলা করেন। এ মামলায় বাছিতকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়।