কান ধরিয়ে ধর্ষণের চেষ্টাকারীকে ক্ষমা করায় মাতবর শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কান ধরে ওঠবস করিয়ে এবং নাকে খত দেওয়ার শাস্তি দিয়ে ধর্ষণের চেষ্টাকারীকে মাফ করে দিয়েছিলেন মাতবরেরা। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনা জানাজানি হওয়ার পর থানায় মামলা হয়। এরপর এক মাতবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শওকত কবির বলেন, শুক্রবার দুপুরে স্থানীয় একটি কন্যা শিশু চকরাম দেবপুর গ্রামের পাশে মাঠে গরু আনতে যায়। এ সময় একই গ্রামের আয়েজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি শিশুটিকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আয়েজ উদ্দিন পালিয়ে যান।
শনিবার সকালে গ্রাম্য মাতবররা এ নিয়ে চকরাম দেবপুর গ্রামে শালিস বৈঠক বসান। বিচারে তাঁরা ধর্ষণের চেষ্টাকারী আয়েজ উদ্দিনকে কান ধরে ওঠবস ও নাকে খত দেওয়ার রায় দেন।
কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ খোঁজখবর নেয় এবং ধর্ষণের চেষ্টা ও বিচারের ঘটনার সত্যতা পায়। এর পর পুলিশ মজিবুর রহমান (৩৮) নামে এক মাতবরকে গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর অন্য মাতবররা গা ঢাকা দিয়েছেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান প্রথম আলোকে বলেন, নির্যাতিত শিশুটির পরিবার গরিব হওয়ায় সালিসের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ধর্ষণের চেষ্টাকারী আয়েজ উদ্দিনসহ ছয় মাতব্বরের বিরুদ্ধে মামলা হয়েছে।