কান ধরে ওঠবস করানোর পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি গতকাল মঙ্গলবার বরখাস্তের চিঠি পেয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অন্যায়ভাবে যদি ওই শিক্ষককে বরখাস্ত করা হয়ে থাকে, তাহলে আইন তাঁর পক্ষে থাকবে। গতকাল বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষককে কান ধরে ওঠবস করানো অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। পেনাল কোড অনুযায়ী এটি একটি অপরাধ। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে। কারণ, আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না।
এদিকে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার খবর পত্রপত্রিকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গতকাল ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেটসহ বিভিন্ন স্থানে পালিত হয়েছে নানা প্রতিবাদ কর্মসূচি। ফেসবুকে অনেকে ‘স্যরি স্যার’ লিখে নিজের কানে ধরা ছবি পোস্ট করেছেন।
প্রধান শিক্ষক শ্যামল কান্তি সাময়িক বরখাস্তের চিঠি পাওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমাকে অপমান-অপদস্থ করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ তিনি অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে এ ঘটনা সাজানো হয়েছে।
বরখাস্তের চিঠিতে বলা হয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের ওপর শারীরিক নির্যাতন, বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ, ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য, ছুটি ব্যতিরেকে অনুপস্থিতি এবং প্রায়ই দেরি করে আসার অভিযোগ বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় উত্থাপিত হয়। অতীতেও এসব অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাঁকে সতর্ক করা হয়েছে। ১৩ মে পরিচালনা কমিটির সভায় শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয় বলে চিঠিতে বলা হয়।
কমিটির সভাপতি ফারুকুল ইসলাম ওই দিন অর্থাৎ ১৩ মে দেশের বাইরে চলে গেছেন। কিন্তু বরখাস্তের চিঠিতে তাঁর সই রয়েছে ১৬ মে তারিখের। এটা কীভাবে হলো? এটা জানতে চাইলে পরিচালনা কমিটির সদস্য মোবারক হোসেন কিছু বলেননি। সভাপতি ফারুকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ খ ম নুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত সোমবার কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া হয়নি।
৮ মে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসন করার সময় শিক্ষক শ্যামল কান্তি ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পরে গত শুক্রবার বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাঁর শাস্তির দাবিতে লোক জড়ো করা হয়। এরপর উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির সাংসদ এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।
শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা ও তাঁকে নির্যাতনে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট নারায়ণগঞ্জ জেলা শাখা। মানববন্ধন থেকে সাংসদ সেলিম ওসমানের তীব্র সমালোচনা করে তাঁর সংসদ সদস্যপদ খারিজসহ কঠোর শাস্তি দাবি করা হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, এ ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
সন্ত্রাস নির্মূলে ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বোনকে প্রধান শিক্ষক বানানোর লক্ষ্যে শ্যামল কান্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ সংসদ থেকে সেলিম ওসমানকে বরখাস্ত করার দাবি জানান।
বিভিন্ন স্থানে প্রতিবাদ: সাংসদ সেলিম ওসমান ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে গতকাল জাতীয় জাদুঘরের সামনে ‘লেখক শিল্পী শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মীবৃন্দ’-এর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সমাবেশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘ধর্ম রক্ষার নামে যেভাবে মানুষের অবমাননা হচ্ছে ও তাতে যে পর্যায়ের মানুষ যুক্ত হচ্ছেন, তা আমাদের আতঙ্কিত করছে। নারায়ণগঞ্জ ও আরও কয়েকটি স্থানে যে ঘটনার বর্ণনা শুনেছি, তাতে এ কথা বললে ভুল হবে না যে বাংলাদেশে এখন চরম অনাচারের রাজত্ব চলছে।’ তিনি বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে, দেশের প্রচলিত আইনকানুন-রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু মানুষ নিজের স্বার্থ উদ্ধারের জন্য যেকোনো ধরনের কাজ করতে নিয়োজিত রয়েছে, এতে তারা লজ্জিত বোধও করছে না। আমরা এ ধরনের সমাজের নেতা বা আইনপ্রণেতা চাই না, তাদের প্রত্যাখ্যান করি।’
সমাবেশের ব্যানারে লেখা হয়, ‘শুধু একজন শিক্ষক নয়, কান ধরে ওঠবস করছে বাংলাদেশ’। এতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন, ফাহমিদুল হক, গণসংগীতশিল্পী কফিল আহমেদ, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কান ধরে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। গতকাল বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এ ঘটনায় সাংসদসহ জড়িত সবার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।