কান পাতলেই ঠুকঠাক শব্দ

কুয়াশাভেজা ভোরে কাজ শুরু, চলছে বেশ খানিকটা রাত পর্যন্ত। বাংলা একাডেমি চত্বর এবং অদূরে সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে এখন নির্মাণকর্মীদের দারুণ ব্যস্ততা। বিশাল কর্মযজ্ঞের কাছাকাছি গেলে চারপাশে ঠুকঠাক শব্দ শোনা যায়। নাকে ভেসে আসে রঙের ঝাঁজালো গন্ধ। নির্মাণকর্মীদের দম ফেলার ফুরসত নেই। স্টলের ভেতরে রং করা, বাইরের কারুকাজ—এসব নিয়েই দারুণ ব্যতিব্যস্ত তাঁরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাষ্ট্রভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিনে গ্রন্থমেলার উদ্বোধন করবেন।
অমর একুশে গ্রন্থমেলার বাকি আর মাত্র এক দিন। বাংলা একাডেমিকে সম্পৃক্ত রেখেই এবার মেলা সম্প্রসারিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। একাডেমির চত্বরে থাকছে শিশুতোষ প্রকাশনা প্রতিষ্ঠান, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে শুধু বই প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল। আগে মেলার অংশগ্রহণকারী নির্ধারণ হয়ে গেলেও অন্যবারের তুলনায় দেরিতে লটারি করে স্টল বরাদ্দের কারণে কিছুটা বিলম্বে স্টল বুঝে পেয়েছেন প্রকাশকেরা। তাই এখনো স্টল সাজসজ্জার কাজ শেষ করে উঠতে রীতিমতো হিমশিম খাচ্ছেন প্রকাশকেরা। দিনরাত পরিশ্রম করে যথাসময়ে স্টল সজ্জার কাজ শেষ করে আনতে চেষ্টা করছেন স্টল মালিকেরা।
গতকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেল, চলছে স্টল সজ্জার কর্মযজ্ঞ। একটি স্টলে দেখা গেল লেখক হুমায়ূন আহমেদের বিশাল প্রতিকৃতির উপস্থিতি। স্টলটির ডিজাইনে দেখা যায়, জানালার ধারে বসে আছেন হুমায়ূন আহমেদ। স্টলের সামনে দেখা গেল অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামকে। তিনি জানান, দেরিতে স্টল বুঝে পাওয়ায় সাজসজ্জার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। স্টলের ডিজাইন কাজে ব্যস্ত দেখা গেল স্থপতি শাকুর মজিদকে। তিনি বলেন, ‘স্টলের ওপরের দিকে তাকালে মনে হবে জানালার ওপাশ থেকে নিচে পাঠক-ভক্তদের উচ্ছ্বাস দেখছেন আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ।’ প্রকাশনা সংস্থা অ্যাডর্নের সৈয়দ জাকির হোসেন জানান, সবকিছু পরিপাটি করে মেলাটি সাজাতে পারলে এবারের মেলাটি হবে আকর্ষণীয় ও তাৎপর্যময়। তবে সময়মতো স্টল বুঝে পেলে সজ্জার কাজ আরও ভালো হতো।
গতকাল পুরো মেলার দুটি অংশ ঘুরে দেখা গেল, দ্রুত কাজ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নির্মাণকর্মীদের। মেলা মাঠে স্টল নির্মাণকাজে ব্যস্ত শরিফুল শাওন জানান, ‘কাল (শুক্রবার) বিকেলের মধ্যে স্টলের কাজ শেষ করতে হবে। একটু দেরিতে স্টল বুঝে পাওয়ায় কাজ শেষ করতে আমাদের তাড়াহুড়ো করতে হচ্ছে। অন্তত দুটি দিন আগে স্টল পেলে এতটা তাড়াহুড়ো করতে হতো না।’ এভাবে আয়োজক, অংশগ্রহণকারী সবার ব্যস্ততার সফল পরিণতিতে মেলার ঝাঁপ খুলবে কাল শনিবার।