কান ভারী করে চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ মহল প্রধানমন্ত্রীর কান ভারী করে পার্বত্য চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাংসদ উষাতন তালুকদার। তিনি বলেন, সন্দেহ-অবিশ্বাস মানুষকে দূরে ঠেলে দেয়। চুক্তি বাস্তবায়ন না হলে পার্বত্যবাসীকে দূরে ঠেলে দেওয়া হবে। তখন পার্বত্যবাসী বেঁচে থাকার জন্য বিকল্প পথের চিন্তা করলে কারও করার কিছু থাকবে না।
গতকাল বুধবার তিনি বান্দরবান জেলা শহরের রাজবাড়ী মাঠে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ।
উষাতন তালুকদার বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন দেশের জন্য হুমকি নয়। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের জন্যও উন্নয়ন সম্ভাবনার দ্বার খুলে যাবে। পার্বত্য চট্টগ্রামে পর্যটনের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান না হলে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় পর্যটন হবে না। সমস্যার সমাধান হলে শুধু পর্যটন নয়, দেশের অর্থনীতির জন্য অবদান রাখতে পারে, এ রকম আরও অনেক সম্ভাবনার দ্বার খুলে যাবে।
পিসিপি বান্দরবান সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। বক্তব্য দেন জনসংহতি সমিতির বান্দরবান জেলার সভাপতি উছোমং মারমা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, বান্দরবান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা প্রমুখ। সভাপতিত্ব করেন পিসিপি কলেজ শাখার সভাপতি মুইয়ইমং মারমা।