কানকুন সম্মেলনে স্বাস্থ্যঝুঁকিকে কেন্দ্রীয় বিষয় করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য খাতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তুলে ধরতে হবে। মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় ওই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। স্বাস্থ্যঝুঁকিকে আলোচনার কেন্দ্রীয় বিষয়ে পরিণত করতে হবে।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার ‘স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ বিষয়ে উচ্চপর্যায়ের আঞ্চলিক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে তিন দিনব্যাপী এই বৈঠকের আয়োজন করেছে।আগামী ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত কানকুনে কপ-১৬ সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৈঠকটি হচ্ছে। বৈঠকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে একটি যৌথ ঘোষণা চূড়ান্ত করা হবে। কানকুন সম্মেলনে ডব্লিউএইচও ঢাকা ঘোষণা হিসেবে এটি উত্থাপন করবে। বৈঠকে বক্তারা বলেন, পৃথিবীর মোট জনসংখ্যার ২৬ শতাংশ ও দরিদ্র জনগোষ্ঠীর ৩০ শতাংশ মানুষ এ অঞ্চলে বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব ও দরিদ্র মানুষ বেশি থাকায় এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে পারে অত্যন্ত ভয়াবহ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ঘূর্ণিঝড় আইলা ও সিডর কয়েক ঘণ্টা স্থায়ী হলেও এর প্রভাব এখনো রয়ে গেছে। ঘূর্ণিঝড়ের তিন মাস পরও ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের কাজ করতে হয়েছে। মেক্সিকো সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্য খাতে ঝুঁকি বিষয়ে একত্রে জোরালো বক্তব্য তুলে ধরতে হবে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ জলবায়ুর বিরূপ পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশের অন্যতম হয়েও সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবির, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক সামলি পিয়ানব্যাংচ্যাং এবং সদর দপ্তরের জনস্বাস্থ্য ও পরিবেশবিষয়ক পরিচালক মারিয়া নেইরা অনুষ্ঠানে বক্তব্য দেন।বৈঠকে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী মৈথ্রিপালা সিরিসেনা, নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী উমাকান্ত চৌধুরী, মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আমিনাথ জামিল ও পরিবেশমন্ত্রী মোহাম্মদ আসলাম অংশ নেন।বৈঠকে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বাংলাদেশসহ ১১টি দেশের জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসব দেশে ডব্লিউএইচওর কার্যালয়ের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা অংশ নিচ্ছেন।উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে সূচনামূলক প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে মারিয়া নেইরা ‘স্বাস্থ্য ও উন্নয়নের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’, ডব্লিউএইচওর সহকারী আঞ্চলিক পরিচালক এ সাত্তার ইউসুফ সম্প্রতি ভুটানে অনুষ্ঠিত আঞ্চলিক পার্লামেন্টারিয়ান বৈঠক এবং বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) ফজলে রাব্বি সাদেক আহমেদ জাতিসংঘের আসন্ন জলবায়ু সম্মেলন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।