কানসাট বিদ্যুৎ উপকেন্দ্র মেরামত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানসাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রটি মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কবে নাগাদ কেন্দ্রটি চালু হবে, সে ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাসান শাহেনওয়াজ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তিন দিন আগে থেকে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রটি মেরামতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষারও কাজ চলছে। মেরামতের জন্য আরও যন্ত্রপাতি দরকার। হরতালের কারণে যন্ত্রপাতিগুলো আসতে দেরি হচ্ছে। প্রয়োজনীয় সব যন্ত্রপাতি এসে পৌঁছানোর পরই পুরোপুরিভাবে কাজ শুরু হবে। উপকেন্দ্রটি কবে নাগাদ চালু হবে, সে ব্যাপারে বলার সময় এখনো আসেনি। যত দ্রুত সম্ভব কেন্দ্রটি চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা কানসাটে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে হামলা চালায়। এ সময় তারা সমিতির ভবন, বিদ্যুৎ উপকেন্দ্র, গুদাম, আবাসিক ভবন ও ডাকবাংলোয় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়।