কানসাটকে পৌরসভা না করার দাবিতে ১৪ হাজার স্বাক্ষরসহ আবেদনপত্র
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নকে পৌরসভায় উন্নীত না করতে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র দিয়েছেন বহুল আলোচিত কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানী। এতে ১৪ হাজার ২০৯ জন এলাকাবাসী স্বাক্ষর করেছেন। গতকাল সোমবার আবেদনপত্রটি দেওয়া হয়। এতে বলা হয়, কানসাটকে পৌরসভায় রূপান্তরের ব্যাপারে তাঁদের সম্মতি নেই। বরং পৌরসভা করার সিদ্ধান্তের খবরে তাঁরা দুঃখিত ও ক্ষুব্ধ। গত ২৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে কানসাটবাসীর প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে কানসাটকে পৌরসভায় উন্নীত করার অভিপ্রায় প্রকাশ করা হয়। এ নিয়ে ইউনিয়নবাসীর কোনো আপত্তি থাকলে সাত দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে জানাতে বলা হয়। এ পরিপ্রেক্ষিতেই আবেদনপত্রটি দেওয়া হয়।গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে গোলাম রব্বানী বলেন, কানসাটবাসী পৌরসভা চায় না। পৌরসভা করা হলে এখানকার বাসিন্দাদের ওপর পৌরকর চাপানো হবে। তা ছাড়া ইউনিয়নকে পৌরসভা করতে হলে যেসব শর্ত পূরণ হতে হয়, তার বেশির ভাগই কানসাটে নেই। স্থানীয় আওয়ামী লীগের কিছু লোক নিজেদের স্বার্থে ইউনিয়নটিকে পৌরসভা করার চেষ্টা করছেন। অন্যদিকে কানসাট পৌরসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এমদাদ আলী জানান, গোলাম রব্বানীর সমর্থকেরা যাঁকে পেয়েছেন তাঁরই স্বাক্ষর নিয়েছেন। অনেক নিরক্ষর এলাকাবাসী কিছু না বুঝেই স্বাক্ষর করেছেন। আবার কিছু স্বাক্ষরকারীর বাড়ি এ ইউনিয়নেই নয়। তিনি আরও জানান, তাঁরাও কানসাটবাসীর স্বাক্ষর নিয়ে পৌরসভার পক্ষে একটি আবেদনপত্র দেবেন জেলা প্রশাসকের কাছে।