কানসাটে আ.লীগ প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রব্বানীর বাড়িতে আজ সোমবার হামলা ও অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। এ সময় বিস্ফোরিত ককটেলের আঘাতে রুবেল নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনার পর কানসাট ও শিবগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়। নিহত রুবেল অবরোধকারী, নাকি গোলাম রব্বানির পক্ষের লোক, তা জানা যায়নি।
গোলাম রব্বানীর ছোট ভাই ও কানসাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান, বেলা দুইটার দিকে অবরোধকারীরা গোলাম রব্বানীর কানসাটের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অগ্নিসংযোগের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানালেন।
এর আগে অবরোধকারীদের সঙ্গে গোলাম রব্বানীর সমর্থকদের সংঘর্ষ হয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, রুবেলের বুকে ককটেলের স্প্লিন্টারের আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সোবহান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কানসাট ও শিবগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।