কানসাটে আম কেনা-বেচা বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আম বাজার শিবগঞ্জ উপজেলার কানসাটের আমের আড়তগুলোতে দুই দিন ধের বেচা-কেনা বন্ধ রয়েছে। আড়তে আম বিক্রেতাদের কাছ থেকে মণপ্রতি পাঁচ টাকা হারে কমিশন ও ৪৬ কেজিতে প্রতি মণ আম কেনার প্রতিবাদে বিক্রেতারা আম বিক্রি করছেন না। অন্যদিকে আড়তদারেরাও আম কিনছেন না।
এই কানসাট বাজারে মণের হিসাব হতো ৪৬ কেজিতে। তবে এবার জেলা প্রশাসন তা পাল্টে ৪০ কেজিতে মণের হিসাব নির্ধারণ করে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম প্রথম আলোর কাছে আম কেনা-বেচা বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসন থেকে এবার আমচাষি বা বিক্রেতাদের কাছ থেকে ৪০ কেজিতে মণের অতিরিক্ত আম ও কোনো কমিশন আদায় না করার জন্য নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তবে এ নিয়ম মানছেন না আড়তদারেরা। এ জটিলতায় আম বেচা-কেনা বন্ধ রয়েছে। এ সমস্যা নিরসনের জন্য কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ জটিলতা নিরসনে দায়িত্ব পালন করবেন। তবে আড়তে আম বিক্রেতাদের কাছ থেকে কমিশন আদায়ের ব্যাপারে প্রশাসন কোনো ছাড় দেবে না।
কানসাট আম আড়তদার সমন্বয় কমিটির সভাপতি আবু তালেব প্রথম আলোকে বলেন, বছরের পর বছর ধরে ৪৬ কেজিতে মণ হিসেবে আম কিনে অভ্যস্ত হয়ে রয়েছেন বাইরে থেকে আসা আম ব্যাপারীরা। তাঁরা ৪০ কেজিতে মণ হিসেবে আম কিনতে চাইছেন না বলে এ জটিলতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া নগদ টাকা সঙ্গে সঙ্গে পরিশোধের নিশ্চয়তা দিয়েই মণপ্রতি পাঁচ টাকা হারে কমিশন আদায়ের বিষয়টি আরোপ করা হয়। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই জটিলতা নিরসনের চেষ্টা চলছে।
কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম বলেন, ইতিমধ্যেই সব পক্ষের সঙ্গে কথা বলেছি। শিগগিরই আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের আড়তে ৪৬ কেজিতে মণ, কমিশন ছাড়াই বেশি আম নেওয়া বন্ধ ও ডিজিটাল মিটারে আম বিক্রয়সহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে আমবাগানের মালিক ও আমচাষিদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় কানসাট শাপলা সিনেমা হলের পাশে আমবাগানে এ সমাবেশের আয়োজন করে জেলা ও শিবগঞ্জ উপজেলা আমচাষি উন্নয়ন সমন্বয় সমিতি।
কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, আমচাষি উন্নয়ন সমন্বয় সমিতি, জেলা শাখার সহসাধারণ সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আমের বাজার সচল রাখতে ঠগ ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সবার সহযোগিতার আহ্বান জানানো হয়।