কানসাটে কমে গেছে আম বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে আমের সবচেয়ে বড় বাজার কানসাটে আমের বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। ঢাকায় ফরমালিনবিরোধী পুলিশের অভিযানে হয়রানি ও ক্ষতির আশঙ্কায় বাগানমালিকেরা আম ভাঙা বন্ধ রেখেছেন। আমের আড়তগুলোতে কমে গেছে ঢাকাসহ বিভিন্ন জেলার আম ব্যাপারীদের আনাগোনা। কমে গেছে আমের দামও।
এ পরিস্থিতিতে কানসাটে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কানসাট আম আড়তদার সিমতি। এতে আম ফরমালিনমুক্ত রাখতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়। আড়তদার সমিতি দাবি করে, কানসাটের কোনো আড়তেই আমে ফরমালিন মেশানো হয় না। এখানকার ব্যবসায়ীরা ফরমালিন ও রাসায়নিক ছাড়াই ব্যবসা করতে চান। গুটিকয়েক লোক গোপনে আমের বাগানে ফরমালিন মেশালে তার দায় শত শত আড়তদার ও হাজার হাজার আম ব্যবসায়ীর ওপর পড়তে পারে না। ফরমালিন ঠেকাতে কানসাটেই তল্লািশচৌকি বসানোর দাবি জানায় আড়তদার সমিতি। তারা বলে, এখানেই ফরমালিন পরীক্ষা করে ছেড়ে দেওয়া হোক। কারণ, ফরমালিনবিরোধী অভিযানের সময় পথে হয়রানির শিকার হচ্ছে আমের ট্রাকগুলো। তাদের দেড় থেকে দুই দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এ জন্য বাইরের ব্যাপারীদের অনেকেই আম কেনা বন্ধ রেখেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগে এই সময়ে কানসাট বাজার থেকে প্রায় ১০০ ট্রাক আম যেত৷ সেখানে এখন যাচ্ছে ৩০ থেকে ৪০ ট্রাক। পাশাপাশি স্থানীয় বাজারেও আমের দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। এই সময়ে বাজারে প্রতি মণ আমের দাম হওয়ার কথা তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা। কিন্তু এখন প্রতি মণ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকায়। এতে কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আড়তদার সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় অর্ধশতাধিক আড়তদার উপস্থিত ছিলেন।