কানসাটে পণ্যবাহী ট্রাকে আগুন, দগ্ধ ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে ট্রাকের চালক ও সহকারী দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন চালক আজিজুল হক (৪৫) ও সহকারী মো. আরিফ (২২)। আজিজুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপররাজারামপুর মহল্লায়। আরিফের বাড়ি সদর উপজেলার সরকারের মোড় এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে সোনামসজিদ স্থলবন্দর থেকে ফলবাহী একটি ট্রাক ছেড়ে আসে। কানসাট এলাকায় ট্রাকটি পৌঁছালে অবরোধের সমর্থকেরা ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হন। তাঁদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চালক আজিজুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত হয়। সংশ্লিষ্ট থানার ওসিরা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই তিন উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেই কেবলমাত্র নির্বাচন হবে।