কানসাটে পল্লী বিদ্যুতের একটি ফিডার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুতের ছয়টি ফিডারের মধ্যে একটি চালু করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির বিদ্যুৎ উপকেন্দ্রটি পুড়িয়ে দেয়। এর পর থেকে সেটি বন্ধ ছিল।চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাসান শাহনেওয়াজ জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে পরীক্ষামূলকভাবে ৬ নম্বর ফিডারটি চালু করা হয়। এরপর কিছুক্ষণ বন্ধ রাখার পর স্থায়ীভাবে চালু করা হয় ফিডারটি। এই ফিডারের অধীন শিবগঞ্জের পুরো দুর্লোভপুর ইউনিয়নের গ্রাহকেরা ও মনকষা ইউনিয়নের আংশিক গ্রাহক বিদ্যুৎ পাবেন। বাকি পাঁচটি ফিডারেও মেরামতের কাজ চলছে। দুই-তিন দিনের মধ্যে সব কটি ফিডার চালু করা হবে।গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর কানসাট পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা চালায় জামায়াত-শিবির। এ সময় তাদের দেওয়া আগুনে একটি উপকেন্দ্রসহ সমিতির কার্যালয় পুড়ে যায়। এর পর থেকেই শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।প্রায় দুই মাস বিদ্যুৎহীন থাকার পর বিদ্যুৎ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন দুর্লোভপুর ও মনকষা ইউনিয়নের বাসিন্দারা। মনোহরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার জানান, দীর্ঘদিন বিদ্যুৎহীন দুর্বিষহ জীবন কাটছিল এলাকার মানুষের। সন্ধ্যার পরই এলাকায় ভুতুড়ে অবস্থার সৃষ্টির হতো। বিদ্যুৎ পেয়ে এখন এলাকায় খুশির জোয়ার বইছে। নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময়ও মনে হয় এত খুশি হয়নি মানুষ।তারাপুর গ্রামের একটি নৈশবিদ্যালয়ের শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘বিদ্যুতের অভাবে কুপিবাতি দিয়ে নৈশবিদ্যালয়টি চালাতে আমাদের খুব কষ্ট হতো। বিদ্যুতের পুনঃ সংযোগের ফলে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারুণ খুশি।’৬ নম্বর ফিডার চালু হওয়াতে দুর্লোভপুর ও মনকষা ইউনিয়ের প্রায় তিন হাজার হেক্টর জমির বোরো ধানের ভালো ফলন হবে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদুল ফারুক। তিনি জানান, ওই এলাকায় এত দিন অগভীর নলকূপ দিয়ে বোরো খেতে সেচ দিতে হতো।