কানাইঘাট সীমান্ত থেকে গুলিবিদ্ধ দুই বাংলাদেশি উদ্ধার
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে দুই বাংলাদেশিকে স্থানীয় লোকজন কানাইঘাটে ভারত-বাংলাদেশ সীমান্তের একটি পিলারের কাছে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডোনা ফাঁড়িতে খবর দেন। বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন মিলে দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ দুজন হলেন কানাইঘাটের ডোনা গ্রামের বাসিন্দা সাইফুল আলম (৩০) ও মিকিরপাড়ার খসরুজ্জামান (৩০)। এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি সূত্র জানায়, সাইফুল ও খসরুজ্জামান এলাকায় কাঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত সোমবার বিকেলে দুজন একসঙ্গে ডোনা সীমান্ত এলাকায় যান। রাতে তাঁরা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের জানান। ভোর প্রায় পৌনে পাঁচটার দিকে ডোনা সীমান্তের ১৩৩৬ নম্বর পিলারের বাংলাদেশ অভ্যন্তরে দুজনকে আহত অবস্থায় পাওয়া যায়। বিজিবির ডোনা সীমান্ত ফাঁড়ি সূত্র জানায়, বন্দুকের ছররা গুলিবিদ্ধ হয়ে দুজন আহত হয়েছেন। তবে তাঁদেরকে কারা গুলি করেছে—এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবিকে কিছু জানাতে পারেনি। এ ব্যাপারে আলোচনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে গতকাল ডোনা বিজিবি ফাঁড়ি থেকে বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়েছে। বিজিবির-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম বলেন, কারা, কেন ওই দুই জনকে গুলি করেছে, সে ব্যাপারে বিজিবি খোঁজ নিচ্ছে বলে তিনি জানান।