কানাইঘাটে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এক তরুণীকে (১৮) তুলে নিয়ে টিলার খুপরিঘরে একদল দুর্বৃত্ত গত সোমবার রাতে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ভোরে তরুণীকে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে ভর্তি করে।
ধর্ষিত তরুণী আটজনের নাম উল্লেখ করে গতকাল বিকেলে থানায় মামলা করেছেন।
ওই তরুণী, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার দিকে ওই তরুণী বাড়ির সামনে একটি মাঠে গরু আনতে যান। মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে আটজন দুর্বৃত্ত তাঁকে তাঁর ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে তাঁকে একটি টিলার খুপরিঘরে নিয়ে তারা ধর্ষণ করে। ভোরে তরুণীর চিৎকার শুনে এলাকার কয়েকজন ব্যক্তি টিলায় উঠে তাঁকে উদ্ধার করেন।
তরুণী উদ্ধারের সঙ্গে সম্পৃক্ত এলাকাবাসীর একজন জানান, ওড়না দিয়ে মুখ বেেঁধ তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এ কথা ওই তরুণীর কাছ থেকে জানার পর এলাকাবাসীকে নিয়ে সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই তরুণী পুলিশকে জানান, ধর্ষণকারীদের আটজনকেই তিনি চিনতে পেরেছেন।
পুলিশ আরও জানায়, তরুণীর মা নেই। বাবা দিনমজুর। ঘটনার সময় বাবা স্থানীয় হাটে ছিলেন। তরুণীর বর্ণনা অনুযায়ী নারাইনপুরের জাহাঙ্গীর আলম, মতিব মিয়া, এরালিগুল গ্রামের আলাউদ্দিন, জমির উদ্দিন, সরব আলী, নক্তিপাড়া উত্তর গ্রামের আসাদুজ্জামান, হোসেন আহমদ ও জকিগঞ্জ উপজেলার কাজলশাহ গ্রামের সুনাম উদ্দিনকে মামলার আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খান জানান, খবর পেয়ে তিনি কানাইঘাট থানায় যান। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেয়েটি লিখিত অভিযোগে যে আটজনের নাম উল্লেখ করেছেন, তাঁদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি গ্রেপ্তার অভিযান চলছে।