কানাইঘাটে তরুণীকে ধর্ষণ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দিঘিরপাড় (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামের এই ঘটনায় ওই তরুণীর কথিত প্রেমিকের বন্ধুকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী।গ্রামবাসী ও নিহত তরুণীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল-বারারিপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে রুমানা বেগমের (১৮) সঙ্গে পার্শ্ববর্তী রামপুর পশ্চিম গ্রামের কয়েস মিয়ার (২৩) প্রেম হয় মুঠোফোনে। প্রায় এক বছর প্রেমের পর সম্প্রতি তাঁদের দেখাসাক্ষাৎ হয়। এরপর তাঁরা পালিয়ে বিয়ের পরিকল্পনা করেন। সে অনুযায়ী গত মঙ্গলবার দুপুরে কয়েসের কাছে চলে আসেন রুমানা। কয়েস তাঁর ঘনিষ্ঠ বন্ধু উসমান গণিকে (২৪) সঙ্গে নিয়ে রুমানাসহ রামপুর পশ্চিম গ্রামে যান। সেখানে উসমানের মামার বাড়িতে রুমানাকে রাখা হয়। গতকাল সকালবেলা ওই বাড়ির পাশে কয়েস ও উসমানকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি ডোবায় এক তরুণীর লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। সকাল সাড়ে নয়টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় গ্রামবাসী উসমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।ঘটনাস্থল পরিদর্শনকারী কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তলপেটে কাচ দিয়ে এলোপাতাড়ি আঘাতের ও গলায় ক্ষতচিহ্ন আছে। প্রাথমিক তদন্তের সূত্রে এসআই আরও বলেন, সম্ভবত মেয়েটিকে একাধিকজন ধর্ষণ করেছে। পরে গ্লাস বা বোতল ভেঙে পেটে উপর্যুপরি আঘাত করে তাঁকে হত্যা করা হয়। আটক উসমান গণি ঘটনার বিষয়ে মুখ খুলছেন না। তবে তিনি কয়েসের বন্ধু ও মেয়েটি কয়েসের সঙ্গে পালিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন।রুমানার বাবা আবদুর রহমান জানান, মুঠোফোনে একটি ক্ষুদেবার্তা দিয়ে রুমানা পালিয়ে যাওয়ার কথা জানায়। এক দিন পর গতকাল সকালে লাশ উদ্ধার করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়েকে শনাক্ত করেন।এসআই হাবিবুর রহমান জানান, কয়েস ও উসমানকে আসামি করে নিহত রুমানার বাবা থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কয়েসকে গ্রেপ্তারের চেষ্টা করছে।