কানাইঘাটে প্রতিপক্ষের হামলা, কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে একটি টিলার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কলেজছাত্র নিহত ও তাঁর দুই ভাই আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম বখতিয়ার আহমদ মোমিন (২৫)। সিলেট মদনমোহন কলেজের এমএ শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি। মোমিনকে উদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষের হামলার মুখে পড়ে তাঁর বড় ভাই আমির উদ্দিন (৩২) ও মামাতো ভাই বকুল মিয়া (৩০) আহত হয়েছেন। দুজনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনা সম্পর্কে এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার লক্ষ্মীপ্রসাদ (পশ্চিম) ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সনাতনপুঞ্জি এলাকার ৫০ বিঘা আয়তনের একটি টিলার মালিকানা নিয়ে মোমিনের বাবা আজিজুল হক মাস্টার ও পার্শ্ববর্তী গ্রাম বাউরবাগের একটি পক্ষের সঙ্গে বিরোধ ছিল। দুই পক্ষই দখলসূত্রে টিলার মালিকানা দাবি করে আসছিল। মোমিনের বড় ভাই গিয়াসউদ্দিন জানান, তাঁর ভাই মোমিন সিলেট মদনমোহন কলেজ থেকে এমএ শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন। গত রোববার মোমিন ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপ করে বাড়িতে গিয়েছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে মোমিন চতুর্থ।