কানাইঘাটে বাবুর্চি হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি
সিলেটের কানাইঘাট উপজেলায় বাবুর্চি জামাল উদ্দিনকে (৪০) হত্যায় জড়িত মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী। একই সঙ্গে তাদের গ্রেপ্তারে গতকাল শুক্রবার তারা ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।
গতকাল বিকেল চারটায় কানাইঘাট উপজেলা সদরের শহরউল্লাহ বিপণিবিতানের সামনে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করে জামাল উদ্দিন হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের ওই দাবি জানায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানাইঘাটের তিনছটি গ্রামের বাবুর্চি জামাল উদ্দিনকে ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট বাজার থেকে একদল দুর্বৃত্ত অপহরণ করে। ছয় দিন পর ১৯ ফেব্রুয়ারি ওই বাজারের পাশের একটি ধানখেত থেকে পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় কানাইঘাট থানায় ওই দিনই তাঁর স্ত্রী শাহিনুর বেগম হত্যা মামলা করেন। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর গত এক সপ্তাহেও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকালের মানববন্ধন ও সমাবেশ থেকে বলা হয়, পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করতে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে। এখন পুলিশ গ্রেপ্তার অভিযান কার্যত বন্ধ করে দিয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলন শুরু করা হবে।
মানববন্ধনে ঝিংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সিলেটের আইনজীবী আখলাকুল আম্বিয়া, শিক্ষক মাহমুদ হোসেন, ইউপি সদস্য রুবি রানী প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধনে বাবুর্চির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন বলেন, এ ঘটনায় আবদুর রহিম ও কবির মিয়া নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলায় আসামি করা হয়েছে আরও ১৮ জনকে। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।