কানাইঘাটে বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও
সিলেটের কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ছাড়া, ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য তার অভিভাবককে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও গ্রামবাসী সূত্রে এ কথা জানা গেছে। সূত্র জানায়, প্রতিদিন বেণী দুলিয়ে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে যাওয়া-আসা করা মেয়েটি পড়াশোনায়ও বেশ মনোযোগী। কিন্তু গত ঈদের পর থেকে তাকে আর বিদ্যালয়ে যেতে দিচ্ছে না পরিবারের সদস্যরা। তাকে অনেকটা বন্দী অবস্থায় বাড়িতে রাখা হয়েছে। কারণ দুবাই-প্রবাসী এক ছেলের সঙ্গে মেয়েটির বিয়ের তারিখ ঠিক হয়েছে। গতকাল বুধবার দুপুর একটায় বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে সিলেটের কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপে ওই বিয়ে অবশেষে বন্ধ হয়। মেয়েটি যেন আবার বিদ্যালয়ে যেতে পারে, সে জন্য তার অভিভাবকদের প্রতি নির্দেশও দিয়েছে প্রশাসন। গ্রামবাসী জানায়, কয়েক দিন আগে দুই পরিবারের সম্মতিতে এ বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে জানতে পেরে গ্রামবাসী উভয় পরিবারকে বাল্যবিবাহ না দিতে অনুরোধ জানায়। কিন্তু কোনো পরিবারই বিষয়টি আমলে না নেওয়ায় গত মঙ্গলবার গ্রামবাসী ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ইউএনও তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধের ব্যবস্থা নেন। তিনি ওই দিন বিকেলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আফসার আলী মণ্ডলকে পূর্ব কেউটিহাওর গ্রামে পাঠান। ওই কর্মকর্তা গ্রামে পৌঁছে উভয় পরিবারের অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার নির্দেশ দেন। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুই প্রতিনিধি বিয়েবাড়িতে অবস্থান নেন এবং বাল্যবিবাহ বন্ধ করে দেন। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আবার বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’