কানাইঘাটে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে এনাম উদ্দিন নামের এক তরুণকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঞা গতকাল বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ৯ নম্বর গ্রামের বোরহান উদ্দিন (৩৫), আবদুল হক (৩২), জসিম উদ্দিন (২৪), পাতিছড়া গ্রামের জামিল উদ্দিন (৩২) ও মিকিরকুছা গ্রামের শামীম উদ্দিন (২২)। এর মধ্যে বোরহান ও জামিল পলাতক। বাকিরা কারাবন্দী।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২০ অক্টোবর রাতে কানাইঘাটের বড়খেওর গ্রামের সামস উদ্দিনের ছেলে এনাম উদ্দিন (২৮) হাট থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় এনামের চাচা সমর উদ্দিন ২০ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ২০০৭ সালের ১৭ মে ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৯ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগ গঠন হয়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।