কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ১৪ সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এ সফরের প্রথম চার দিন ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ যোগ দিতে কানাডায় অবস্থান করবেন। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন।
১৪ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। স্থানীয় সময় ওই দিন বিকেলেই তিনি লন্ডনে পৌঁছবেন। পরদিন দুপুরে তিনি কানাডার মন্ট্রিয়লের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী ১৬ সেপ্টেম্বর মন্ট্রিয়লের হায়াত রিজেন্সিতে জিএফ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন বিকেলে ওই হোটেলে অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন। এদিন তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন।
পরদিন জিএফ সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও শেখ হাসিনা ‘রিমুভিং বেরিয়ার্স টু হেলথ থ্রু এম্পাওয়ারিং উইমেন অ্যান্ড গার্লস অ্যান্ড রিচিং দ্য মোস্ট মার্জিনালাইজড’ শীর্ষক প্যানেল আলোচনা-১ এবং ‘এনগেজিং অ্যান্ড মোবিলাইজিং ইয়ুথ টু মিট দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ শীর্ষক প্যানেল আলোচনা-২-এ অংশ নেবেন।
প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে মন্ট্রিয়ল ত্যাগ করবেন। সেদিন বিকেলে তাঁর নিউইয়র্কে পৌঁছানোর কথা। শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেবেন। ২০ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি হোটেল ম্যারিয়ট ইস্টসাইডে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত কাউন্টার টেররিজমের ওপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তুবিষয়ক বৈঠক এবং ২১ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।