কানাডাপ্রবাসী বাংলাদেশি অধ্যাপকের কৃতিত্ব
কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকের স্বীকৃতি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক মো. নাসির উদ্দিন। সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে ২০১০ সালের সেরা গবেষকের পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য ব্রায়ান জে আর স্টিভেনসন।অধ্যাপক নাসির রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোহাইলবাড়ি গ্রামের মো. আরশেদ আলী মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কানাডার অন্টারিও প্রদেশের থানডার বে শহরে বাস করছেন।প্রসঙ্গত, লেকহেড বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকের পুরস্কার পেতে হলে প্রার্থীকে ন্যূনতম ১০ বছর বিশ্ববিদ্যালয়ে সক্রিয় গবেষণায় নিয়োজিত থাকতে হয়। ওই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা ছাড়াও প্রার্থীকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন হতে হয়। যোগ্যতম প্রার্থী পাওয়া সাপেক্ষে প্রতিবছর একজনকে সেরা গবেষক নির্বাচন করা হয়।উল্লেখ্য, এর আগে লেকহেড বিশ্ববিদ্যালয় সাময়িকীর ২০১০ সালের নভেম্বর/ডিসেম্বর সংখ্যায় নাসিরের গবেষণার ওপর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ‘মোটর মাস্টার’ উপাধিতে ভূষিত করে। বিজ্ঞপ্তি।