কানাডার নাগরিক নয় বলে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলায় বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ স্থগিত করেছেন কানাডার একটি আদালত।
গত ৭ মে কানাডার অন্টারিও সুপরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতের বিচারপতি জে নর্ডহেইমার এই আদেশ দেন৷ আদালত বলেছেন, অভিযুক্তের (আবুল হাসান চৌধুরী) ওপর কানাডার কোনো ধরনের কর্তৃত্ব নেই এবং আজ পর্যন্ত কানাডা সরকার কোনো কর্তৃত্ব অর্জনের চেষ্টাও করেনি। এসব বিবেচনায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ স্থগিত করা হলো। তবে ভবিষ্যতে কখনো কানাডা অভিযুক্তের ওপর এখতিয়ার (জুরিসডিকশন) প্রতিষ্ঠা করতে পারলে প্রসিকিউশন আদালতের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।
কানাডার আদালতের এই সিদ্ধান্তের ফলে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আপাতত পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন। তবে অভিযুক্ত কেভিন ওয়ালেস, রমেশ শাহ এবং মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে বিচারকাজ যথারীতি চলবে।
জানতে চাইলে আবুল হাসান চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার আইনজীবীর মাধ্যমেই তথ্যটি পেয়েছি। আমাকে নিয়ে গণমাধ্যমের নেতিবাচক প্রতিবেদনের পর এ ধরনের খবর বেশ স্বস্তিদায়ক।’