কানাডায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভে বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার দায় অস্বীকার করার প্রতিবাদে গত শুক্রবার সকালে কানাডার টরন্টোর প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় পাকিস্তান হাইকমিশন কনস্যুলার অফিসের সামনে বিক্ষোভ করেছেন।

বাংলাদেশি টরন্টোরিয়ানের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারজানা আজিম শিউলি, সাংবাদিক শওগাত আলী সাগর, উদীচী কানাডার সুমন সাঈদ, দুলাল পাল, বিদ্যুৎ সরকারসহ স্থানীয় প্রগতিশীল বাঙালি লেখক ও সাংস্কৃতিক কর্মীরা। তাঁরা বিভিন্ন ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে পাকিস্তান সরকারের বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের বিরুদ্ধে অবস্থান, নির্লজ্জ মিথ্যাচার ও গণহত্যার দায় অস্বীকার করার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ শেষে কনস্যুলার জেনারেলের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনায় পরদিন ২২ নভেম্বর পাকিস্তান সরকার গভীর উদ্বেগ ও নিন্দা জানায়। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়। ৩০ নভেম্বর ইসলামাবাদ প্রথমবারের মতো বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব করে। এ সময় পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধকালে গণহত্যার দায় অস্বীকার করে।