কানাডায় প্রশিক্ষণ পেয়ে থাকতে পারেন জঙ্গি জাহিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত জঙ্গি মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মুরাদকে আন্তর্জাতিক সামরিক সহযোগিতা কর্মসূচির আওতায় কানাডার সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে। গত বৃহস্পতিবার কানাডার জাতীয় প্রতিরক্ষা দপ্তর (ডিএনডি) সূত্র এ কথা জানিয়েছে বলে দেশটির পত্রিকা ন্যাশনাল পোস্ট-এর অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে।
ন্যাশনাল পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, কানাডার জাতীয় প্রতিরক্ষা দপ্তর বর্তমানে এ বিষয়টি তদন্ত করছে। প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, জাহিদুল ইসলাম কানাডায় প্রশিক্ষণ পেয়েছিলেন কি না—তারা সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। জাহিদুল কয়েকটি ভয়াবহ জঙ্গি হামলার পেছনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
খবরে উল্লেখ করা হয়, ‘মুরাদ’ নামেও পরিচিত জাহিদুল ২ সেপ্টেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের রূপনগরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন। এতে বলা হয়, ঢাকার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মুরাদ সেনাবাহিনীর মেজর ছিলেন। ২০১৩ ও ২০১৪ সালে তিনি কানাডীয় সশস্ত্র বাহিনীর জুনিয়র স্টাফ কলেজে প্রশিক্ষণ নেন। দেশে ফেরার পরে তিনি সেনাবাহিনী ত্যাগ করে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েন।
কানাডার প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ শাখার প্রধান দানিয়েল লো বুথিলিয়েখ বলেন, ‘আমরা বর্তমানে বিষয়টি তদন্ত করছি। ঘটনা সত্যি কি না—এ ব্যাপারে এখনো আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না।’
তবে কানাডার প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য দৃশ্যত সঠিক।