কানাডায় লাভালিনের দুই কর্মকর্তার মামলার শুনানি আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে কানাডার মন্ট্রিল ফেডারেল আদালতে শুরু হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতুতে এসএনসি-লাভালিনের ঘুষ প্রস্তাব ও দুর্নীতি নিয়ে দায়ের করা মামলার প্রাথমিক শুনানি। এ ঘটনাকে মামলায় রূপ দেওয়ার মতো যথেষ্ট তথ্য বা আলামত বা সাক্ষ্য রয়েছে কি না, তা জানতে এ শুনানি করা হয়। এটি চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। মন্ট্রিলের আদালতে গত বছরের ২৫ জুন প্রথম শুনানি হয়। তখন এ মামলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জোগাড় করতে এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয় কানাডার মাউন্টেড পুলিশকে। ওই সময় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আজকের এ শুনানি দেখতে বাংলাদেশ থেকে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আনিসুল হক এবং দুদকের উপপরিচালক ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা মীর্জা জাহিদুল ইসলাম। এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পদ্মা সেতু নির্মাণ তদারকির কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দিতে চেয়েছিলেন তাঁরা। এ ক্ষেত্রে কোনো অর্থ হাতবদল না হলেও তাঁদের দুজনকে ‘করাপশন অব ফরেন অফিশিয়াল অ্যাক্ট’-এর আওতায় বিচারের সম্মুখীন করা হয়। এই আইনে কোনো ব্যবসা থেকে আগাম প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা, সরাসরি বা পরোক্ষভাবে লেনদেন বা কোনো ধরনের ঋণ, পুরস্কার, সুযোগ কিংবা বিদেশি সরকারি ব্যক্তি বা কোনো ব্যক্তির কাছ থেকে যেকোনো ধরনের সুবিধা বা উপকার নেওয়া দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া কোনো সরকারি ব্যক্তি তাঁর ক্ষমতার অপব্যবহার করে বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কর্তব্য পালনে প্রভাবিত করাও এ আইনে দণ্ডনীয় অপরাধ। আইনে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বিচারক ইচ্ছা করলে যেকোনো পরিমাণে আর্থিক জরিমানাও করতে পারেন। গত বছরের ১ সেপ্টেম্বর এসএনসি-লাভালিনের টরন্টো কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নথি ও কম্পিউটার, কানাডার ওকাভিলে রমেশের বাসা থেকে তাঁর ডায়েরি এবং মিসিসুগাতে ইসমাইলের বাসা থেকে তাঁর ব্যক্তিগত ল্যাপটপ জব্দ করে স্থানীয় পুলিশ। জব্দ করা ডেস্কটপ ও ল্যাপটপ থেকে জানা যায়, রমেশ, ইসমাইল ও কেভিন তিনজনের সঙ্গেই বাংলাদেশের সাবেক যোগাযোগমন্ত্রী চিঠিতে যোগাযোগ এবং ঢাকায় এলে বৈঠক করতেন। এ ছাড়া সাবেক সচিব, প্রকল্প পরিচালক ও মূল্যায়ন কমিটির সদস্যসচিবের সঙ্গে নিয়মিত ই-মেইল ও মুঠোফোনে যোগাযোগ ছিল ওই তিনজনের। দুদক সূত্র জানায়, দুদকের দুই সদস্যের দলটি ১৮ এপ্রিল পর্যন্ত কানাডা থাকবে। কানাডায় আদালতের শুনানিতে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করাই হচ্ছে মূল লক্ষ্য। দুদকের পক্ষ থেকে দলটিকে কানাডার রয়েল মাউন্টেড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জব্দকৃত আলামত থেকে তথ্য ও সেগুলোর প্রত্যায়িত অনুলিপি নিয়ে আসতে সব ধরনের সহযোগিতা দিতে কানাডার সরকারের কাছে অনুরোধপত্রও পাঠানো হয়েছে।