কানাডায় সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন মাগুরার খালিছ

কানাডার অ্যালবার্টা প্রদেশের ক্যালগেরি হেরিটেজ সংসদীয় আসনের উপনির্বাচনে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় খালিছ আহমেদ। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে ১৯৭৩ সালে জন্ম নেন।
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর ওই আসনটি শূন্য হয়। আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সেখানে উপনির্বাচনে ভোট নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খালিছ আহমেদ এসব কথা জানান। অনুষ্ঠানে তাঁর বাবা আফসার উদ্দিন আহমেদ ও স্ত্রী হামিদা নাসরিনসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।
খালিছ আহমেদ জানান, তিনি কানাডায় এনডিপির ইলেকটোরাল ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের দক্ষিণ অ্যালবার্টার সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় তিনি মনোনয়ন পেয়েছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে অনেক এগিয়েছে। এখানে এখন মানুষ অনেক ভালো আছেন। তাঁরা তিন বেলা পেট পুরে খেতে পাচ্ছেন। আগামী পাঁচ বছরে দেশ আরও উন্নতি করবে। তিনি এ দেশের জলবায়ু ও ভূতাত্ত্বিক অবস্থার উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
খালিছ আহমেদ একজন ভূতত্ত্ববিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। পরে নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে তেল-গ্যাস বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি পরে কানাডার ক্যালগেরিতে যান। সেখানে কর্মজীবনের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন। এনডিপি থেকে ২০১৫ সালে সংসদ সদস্য পদে নির্বাচন করে তিনি পরাজিত হন।
খালিছ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের সরকার ও সরকারের বাইরে থাকা রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার আলাপ-আলোচনা হয়েছে। আমি কানাডার মতো বাংলাদেশে সব শ্রেণির মানুষের জন্য “পেনশন পলিসি” বাস্তবায়নের প্রস্তাব দিয়েছি। সরকারকে “স্কিম” খুলতে বলেছি। এটা নিয়ে আমি কাজ করতে চাই। তা ছাড়া আমি জলবায়ু পরিবর্তনের ওপর কাজ করছি। আমি নির্বাচিত হলে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশে হিসেবে বাংলাদেশকে সুসংবাদ দেব।’