কানাডিয়ান পুলিশকে মাহমুদুর রহমানের আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও ডেইলি স্টার পত্রিকা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল রোববার মাহমুদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে ওই নোটিশ পাঠান।
নোটিশে ‘কানাডা ওয়ান্টস টু কুইজ মোরশেদ, মাহমুদুর’ শীর্ষক ৮ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানানো হয়। এতে বলা হয়, এ প্রতিবেদনে ব্যবহৃত ‘কুইজ’ ও ‘ইন্টারোগেট’ শব্দ দুটি শুধু আনুষ্ঠানিকভাবে অপরাধের সঙ্গে সংযুক্ত কোনো আসামির ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাহমুদুর রহমান নাইকোর কার্যক্রম-সংক্রান্ত কোনো মামলার আসামি নন। নোটিশে দুই সপ্তাহের মধ্যে কানাডিয়ান মাউন্টেড পুলিশকে তার অবস্থান সুস্পষ্ট করতে বলা হয়েছে। এতে বলা হয়, কানাডিয়ান পুলিশ ও ডেইলি স্টার-এর জবাব সন্তোষজনক না হলে উভয়ের বিরুদ্ধে বাংলাদেশ এবং কানাডার আদালতে ক্ষতিপূরণ মামলা করা হবে।