কানাডীয় নাগরিক এক তরুণীকে হাইকোর্টে হাজির করতে নির্দেশ
বাংলাদেশি বংশোদ্ভূত মা–বাবার হেফাজতে থাকা জন্মসূত্রে কানাডীয় নাগরিক এক তরুণীকে আগামী রোববার আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেদিন বেলা আড়াইটায় ওই তরুণীকে হাজির করতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। সেদিন তরুণীর মা–বাবাকেও আদালতে হাজির হতে বলা হয়েছে।
ওই তরুণীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ নিয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং আইন ও সালিশ কেন্দ্র ওই রিট করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান ও আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। এ সময় কানাডার একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাবালিকা ওই তরুণীকে গত বছরে তাঁর মা দেশে নিয়ে আসেন। বাংলাদেশে নিয়ে আসার পর ১০ মাস আটকে রাখা হয়। তাঁর মুঠোফোন নিয়ে নেওয়া হয়। কানাডার একটি মানবাধিকার সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করে মেয়েটির আইনি সহায়তার বিষয়ে। এ অবস্থায় তাঁকে আদালতে হাজির করার জন্য হাইকোর্টে রিটটি করা হয়। এতে তরুণীর শিক্ষাজীবন চালিয়ে নিতে তাঁকে কানাডায় ফিরে যেতে যেন সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে আরজি রয়েছে। মেয়েটিকে রোববার আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেদিন তাঁর মা–বাবাকেও আসতে হবে।’
রিট থেকে জানা যায়, ওই তরুণী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক। তাঁর মা–বাবা কানাডা ও বাংলাদেশের নাগরিক। সম্পত্তি বণ্টনের কথা বলে গত বছর তাঁকে দেশে নিয়ে আসা হয়। ১৯ বছর বয়সী ওই তরুণী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়া ওই তরুণী কানাডা ফিরতে চাইলে তাঁকে যেতে দেওয়া হয়নি। তরুণীর কাছ থেকে মুঠোফোন, ল্যাপটপ ও পাসপোর্ট কেড়ে নিয়ে তাঁকে তাঁর মা বাসায় গৃহবন্দী করে রাখেন। এই বিষয়টি ল্যান্ডফোনে ঢাকার কানাডিয়ান হাইকমিশনকে জানান তিনি। ওই তরুণী কানাডায় ফিরে যাওয়ার ইচ্ছার কথাও বলেন। এরপর গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডিয়ান হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি করা হয়।