কানিবকের ছানা ফিরে পেল আপন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা কানি বকের ছানা পরিবেশবাদী কর্মীর মাধ্যমে ফিরে দেওয়া হয়েছে তার আপন ঠিকানায়।
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুরে একটি জমিতে খেলতে গিয়ে একটি কানিবকের ছানা কুড়িয়ে পায় এক শিশু। এরপর শিশুটি ছানা নিয়ে নিজ বাড়ির আঙিনায় এসে বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় পরিবেশবাদী কর্মীরা শিশুদের কাছ থেকে ছানাটি উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন।

আজ বুধবার উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর সিংহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের সদস্য কাওসার আলী বলেন, কানিবকের ছানাটি ভালো করে উড়তে পারে না। আজ দুপুরে গ্রামের একটি জমিতে ছানাটি পড়ে ছিল। গ্রামের ১২ বছর বয়সী এক শিশু এই ছানাটি পায়। শিশুদের হাতের ছোঁয়ায় ছানাটি বারবার কিচিরমিচির করে ডাকছিল। সংবাদ পেয়ে সংগঠনটির উদ্যোগে পরে ছানাটি উদ্ধার করা হয়।

সংগঠনটির নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, যে শিশুরা ছানাটি নিয়ে খেলা করছিল, তাদের কথামতো আজ বিকেলে কানিবকের ছানাটি তার আপন ঠিকানায় ফিরিয়ে দেওয়া হয়। ছানাটি ফিরে পেয়ে কানিবকের মা ছানাটি পাখার নিচে আগলে রাখে।