কানিহাটি বই ঘর উদ্বোধন
‘পড়িলে বই আলোর পথে রই, না পড়িলে বই অন্ধকারে রই’ স্লোগান নিয়ে গ্রামীণ পাঠক সৃষ্টিতে জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর পাঠাগার ‘কানিহাটি বইঘর’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকামবাজারে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে কিছু বই তুলে দিয়ে পাঠাগারের উদ্বোধন করেন আবেদ চৌধুরী।
গ্রামীণ শিক্ষার্থী, বিশেষ করে অনগ্রসর ও দরিদ্র শিক্ষার্থীসহ সবার সহজে ভালো বই পড়ার সুযোগ সৃষ্টি করে গ্রামীণ পাঠক তৈরিতে এ উদ্যোগ নেন আবেদ চৌধুরী। তাঁর গ্রাম কানিহাটির নাম নিয়ে পাঠাগারের নাম দেন কানিহাটি বইঘর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান, শমশেরনগর বিএএফ শাহীন কলেজের প্রতিনিধি শারমীন রহমান, আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা।
আবেদ চৌধুরী বলেন, সুস্থ মানসিক বিকাশে কানিহাটি বইঘর সহায়ক ভূমিকা রাখবে।