কানুনগো মোহাম্মদ আলীকে দুদকে জিজ্ঞাসাবাদ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদ আলীকে আরও কিছু নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০১৩ সালে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদসহ তাঁর সম্পদ বিবরণী জমা নেওয়া হয়। উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূইঞা অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেন। কিন্তু কমিশন প্রতিবেদনটি গ্রহণ না করে উপপরিচালক জুলফিকার আলীকে আবার অনুসন্ধানের দায়িত্ব দেয়।
দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে ২০০৫ সালে ডিসিসির চাকরিতে যোগ দেন করেন মোহাম্মদ আলী। চাকরিতে যোগ দেওয়ার চার বছর পার না হতেই তিনি জ্যেষ্ঠদের ডিঙিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত অনেক দায়িত্ব পান। অল্প সময়েই প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক হন বলে অভিযোগ রয়েছে।