একটি মৃত্যু, কয়েকটি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ের কাছে গত মঙ্গলবার রাতে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের চাকায় কাটা পড়েন বিশ্ববিদ্যালয়ছাত্রী রহিমা আক্তার (২২)। তিনি শ্যামলীতে অবস্থিত পিপলস ইউনিভার্সিটির স্নাতকোত্তর শ্রেণির ব্যবসায় প্রশাসনে (এমবিএ) পড়তেন।

সরকারি রেলপথ বিভাগের ঢাকা থানার (জিআরপি) পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে রহিমা মহাখালী রেলক্রসিংয়ের কাছে রেললাইন ধরে মুঠোফোন কানে নিয়ে হাঁটছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন এসে পড়লে তিনি সেটা খেয়ালই করেননি। এতে ওই ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শী ও রেললাইনের পাশের দোকানিদের বরাত দিয়ে জিআরপি থানার এএসআই রাশেদ রানা প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে রহিমা রেলক্রসিংয়ের ওপর দিয়ে যাচ্ছিলেন। তিনি রেলক্রসিংয়ের কাছে কানে মুঠোফোন নিয়ে কথা বলার সময় পায়চারি করছিলেন। একপর্যায়ে কমলাপুরের দিকে একটি ট্রেন চলে যাওয়ার পর দেখা যায় তরুণীর শরীর রেললাইনে দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। তাঁর মুঠোফোনটি রেললাইনের ওপর পড়ে আছে।

রাশেদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তরুণীর লাশের পাশ থেকে উদ্ধার করা মুঠোফোনের একটি নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে ফোন ধরেন রহিমার বাবা। রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, রহিমা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যাও করতে পারেন।

রহিমা মা-বাবার সঙ্গে সাভারের কলমায় থাকেন। তাঁর বাবা আবদুল বাসেত শিকদার সাভারে একটি পোশাক কারখানার কর্মকর্তা। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাগাইয়াকান্দিতে। দুই বোনের মধ্যে রহিমা ছোট।

আবুল বাসেত শিকদার প্রথম আলোকে বলেন, ‘রহিমা রেললাইনে কেন গেল? এটি দুর্ঘটনা, না আত্মহত্যা তা-ও বুঝে উঠতে পারছি না।’ তিনি বলেন, প্রতিদিন বিকেল পাঁচটার মধ্যে ফিরে এলেও মঙ্গলবার ফিরতে দেরি হতে দেখে তিনি সন্ধ্যা ছয়টার দিকে রহিমাকে ফোন দেন। তখন রহিমা তাঁকে জানান বাসায় ফিরতে এক ঘণ্টা লাগবে। রাত আটটার দিকে ফোন করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তাঁরা চিন্তিত হয়ে পড়েন। রাত ১০টার দিকে পুলিশ ফোন করে তাঁদের খবর জানায়।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার সন্ধ্যায় রহিমার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে রেললাইনে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৯০ জন। আর ২০১৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ১০০ জনের মতো।