কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বারআউলিয়া এলাকায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
মিজানুরের বাড়ি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নেছার উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল মিজানুর বারআউলিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। খাওয়াদাওয়া শেষে বিকেলে তিনি রেললাইনে হাঁটছিলেন। এ সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন তিনি। যে কারণে ট্রেনের হুইসেল শুনতে পাননি মিজানুর। পরে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে তিনি মারা যান।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড থানা থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানায় জানিয়েছেন।