কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ল ব্যবসায়ী
আবারও মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়লেন একজন। রাজধানীর খিলগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৩৫)। পুরান ঢাকার বাংলাবাজারে তাঁর গাড়ির যন্ত্রাংশের দোকান আছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে।
ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের হিসাবমতে, গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নয় মাসে নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেললাইনে ২৩০টি লাশ পাওয়া যায়। এর মধ্য ১৩০ জনই মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
জিআরপি সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে মিজানুর রহমান কানে হেডফোন লাগানো অবস্থায় মুঠোফোনে কথা বলতে বলতে খিলগাঁও রেললাইন ধরে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেসে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান তিনি। পুলিশ তাঁর পাশে পড়ে থাকা মুঠোফোন নিয়ে স্বজনদের ফোন করেন। এরপর স্ত্রীসহ স্বজনেরা ঘটনাস্থলে এসে মিজানের লাশ শনাক্ত করেন। এ সময় মিজানের স্ত্রী, তিন মেয়েসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনা তদন্তকারী জিআরপি থানার কর্তব্যরত এএসআই রেজাউল ইসলাম গতকাল রাতে বলেন, মিজান ব্যবসায়িক কাজে খিলগাঁও গিয়েছিলেন। কানে হেডফোন লাগানো মিজানুরকে আশপাশের লোকজন রেললাইন থেকে সরে যাওয়ার জন্য চিৎকার করলেও তিনি শুনতে পাননি।
মিজান সপরিবারে ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটে থাকতেন। পুলিশের অনুমতি নিয়ে স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ গতকাল সন্ধ্যায় নিয়ে গেছেন।