বাংলাদেশ-চীন সম্পর্কের ৪০ বছর উপলক্ষে সেমিনার
কানেকটিভিটি ও চট্টগ্রাম গভীর সমুদ্রবন্দর নির্মাণে গুরুত্বারোপ

বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের নানামুখী উদ্যোগের সাফল্যের বিষয়ে উচ্চ আশাবাদ ব্যক্ত করেছেন উভয় দেশের সাবেক রাষ্ট্রদূতেরা। এ ক্ষেত্রে তাঁরা বিসিআইএম, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং প্রস্তাবিত ওয়ান বেল্ট-ওয়ান রোডের কথা উল্লেখ করেন।
রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস—বিস) মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: অংশীদারত্বের ৪০ বছর’ শীর্ষক সেমিনারে সাবেক রাষ্ট্রদূতেরা এ অভিমত দেন।
সেমিনারে বক্তারা বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের অতীত ও বর্তমানের ওপর আলোকপাত করে বলেন, কানেকটিভিটি এবং চট্টগ্রাম গভীর সমুদ্রবন্দর নির্মাণ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিন পর্বে বিভক্ত এই সেমিনারে চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক ছয়জন রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক পাঁচজন রাষ্ট্রদূত বক্তব্য দেন। উদ্বোধনী পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এবং সমাপনী পর্বে পররাষ্ট্রসচিব শহীদুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। সেমিনারের আয়োজন করে বিস।
২০১৫ সালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ৪০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের সাবেক ছয়জন রাষ্ট্রদূত চীন সফর করেন। বর্তমানে চীনের সাবেক পাঁচজন রাষ্ট্রদূত বাংলাদেশ সফরে রয়েছেন।
‘চীন বাংলাদেশের রোল মডেল’: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনকে বাংলাদেশের রোল মডেল বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আমরা চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চাই।’
শাহ্রিয়ার আলম বলেন, বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে এবং তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ মনে করে।
বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত এবং চীনা প্রতিনিধিদলের নেতা ওয়াং চুংগাই বলেন, চীন সরকার বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করে। বর্তমানে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান বলেন, বর্তমানে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও উন্নয়ন অংশীদার।
সমাপনী পর্বে পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ এবং চীন—উভয় দেশের জন্য কানেকটিভিটি গুরুত্বপূর্ণ। এটা কেবল ফিজিক্যাল কানেকটিভিটি নয়, আদর্শগতভাবেও।
ঢাকায় চীনের বর্তমান রাষ্ট্রদূত মা মিং কিয়াং চীন-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের সাবেক রাষ্ট্রদূতদের ভূমিকার উল্লেখ করেন।
ওয়ার্কিং সেশনে খোলামেলা আলোচনায় বক্তারা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অংশীদারের ভূমিকা পালন করছে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সামরিক সরঞ্জামের বৃহত্তম সরবরাহকারী।
বিসের চেয়ারম্যান মুনশী ফায়েজ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূতদের মধ্যে আরও বক্তব্য দেন আশফাকুর রহমান, হুমায়ুন এ কামাল, এম আজিজুল হক ও এ কে এম ফারুক। চীনের সাবেক রাষ্ট্রদূতদের মধ্যে বক্তব্য দেন চাই শি, চেং ছিংদিয়ান, চাং শিয়ানই ও হুম ছিয়ানওয়েন। বিসের মহাপরিচালক এ কে এম আবদুর রহমান স্বাগত বক্তব্য দেন।