আঞ্চলিক যোগাযোগ-বিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশসহ এ অঞ্চলের উন্নতির স্বার্থে যেকোনো ধরনের কানেকটিভিটির (যোগাযোগ) প্রকল্প থেকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত। আর কার্যকর কানেকটিভিটির লক্ষ্যে আঞ্চলিক, উপ-আঞ্চলিক এবং দ্বিপক্ষীয়সহ সব ধরনের উদ্যোগের সুযোগকে কাজে লাগানো উচিত বাংলাদেশের।
আজ রোববার রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) ‘বাংলাদেশ অ্যান্ড রিজিওনাল কানেকটিভিটি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। বিলিয়ার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাম্মানিক পরিচালক শাহদীন মালিক।
সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পড়েন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। প্রবন্ধে তিনি বলেন, কানেকটিভিটির যেকোনো উদ্যোগের মূলে থাকে অর্থনীতির আঞ্চলিক সমন্বয়। কানেকটিভিটির ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী ভারত ও মিয়ানমারের পাশাপাশি চীনের সঙ্গে যুক্ততার বিষয়টিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে। সম্প্রতি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-থাইল্যান্ড-মিয়ানমারের সড়ক যোগাযোগের প্রক্রিয়ায় বাংলাদেশকে যুক্ত করার অনুরোধ জানান। ভারতের প্রধানমন্ত্রী এই অনুরোধে সাড়া দেওয়ার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্রসচিবের মতে, নানা ধরনের কানেকটিভিটির উদ্যোগ সফল করতে হলে জনগণের স্বার্থে তা কাজে লাগবে, সেটি নিশ্চিত করা জরুরি। কারণ এ ধরনের যেকোনো প্রকল্পের সুফল জনগণের কাছে যেতে হবে, তা না হলে লোকজন এসবে উৎসাহিত হবে না। প্যানেল আলোচক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ বলেন, কানেকটিভিটির প্রসঙ্গ এলে এর বিপরীতে নিরাপত্তার প্রসঙ্গ চলে আসে। কানেকটিভিটির প্রকল্প বাস্তবায়িত হলে অবাঞ্ছিত শক্তির অনুপ্রবেশের বিষয়টি আলোচনায় আসে। আজকের প্রেক্ষাপটে এমন ভাবনা একেবারেই অমূলক।
অপর প্যানেল আলোচক সেন্টার ফর পলিসি ডায়ালগের সাম্মানিক ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, একটা সময় ছিল যখন লোকজন কানেকটিভিটির প্রকল্পকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখত, এখন সেই মনোভাবের পরিবর্তন হয়েছে। কানেকটিভিটির বিষয়ে রাজনীতিবিদেরা যেন জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান না নেন, তা নিশ্চিত করা জরুরি। মুক্ত আলোচনায় রাজনীতির কারণে কানেকটিভিটির বিভিন্ন প্রকল্প আটকে পড়ায় হতাশা প্রকাশ করেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, সব দেশের প্রস্তুতি থাকার পরও একটি দেশের অনাগ্রহের কারণে ২০১৪ সালে কাঠমান্ডু সার্ক শীর্ষ সম্মেলনে শেষ মুহূর্তে মোটরযান চুক্তি সই হয়নি। তাই সার্ক শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল আলোচনা করে চার দেশীয় মোটরযান চুক্তি সই করে। এখন ভুটান এটি বাস্তবায়নের প্রক্রিয়া থেকে দূরে আছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ, ভারত ও নেপাল এটি কার্যকরে এগিয়ে যাবে।
মোস্তাফিজুর রহমান বলেন, জনগণ অনেক সময় জানতে পারেন না, অসহযোগিতার দরুণ কতটা চড়া মাশুল তাদের দিতে হয়। আর অন্য দেশ এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়। এভাবে রাজনৈতিক উপাদান অনেক সময় অর্থনৈতিক প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায়।
পররাষ্ট্রসচিব ও মোস্তাফিজুর রহমান জনগণের কল্যাণের স্বার্থে কানেকটিভিটির সব ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনীতিকে দূরে রাখার পক্ষে মত দেন।