কানের দুল কাল হলো আরিফার

‘আমার মাইয়া কানের দুল কিনার বায়না ধরছিল। তার বাবা বলছিল, কান ফোঁড়ালে কানের দুল কিন্না দিব। তিন বছর আগে কান ফোঁড়ায়া মাইয়ারে এক আনি সোনা দিয়া কানের দুল বানায় দিছিলাম। এই সোনাই আমার কাল হলো। দুলের লোভে আমার মাইয়ারে মাইরা নদীতে ফালাইয়া দিছে।’
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ফরিদপুরের আরিফা সুলতানা ওরফে পায়েল (৭) নামের এক শিশুর মা সালেহা বেগম।
আজ রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামের কুমার নদ থেকে আরিফার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফা ওই গ্রামের মাংস বিক্রেতা মো. নিজামউদ্দিনের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে ছোট আরিফা কোষা গোপালপুর মোয়াজ্জেম মিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর পরিবারের দাবি, সোনার তৈরি কানের দুলের জন্যই আরিফাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, গতকাল শনিবার আরিফা বাড়ির পাশে আহম্মদের বাড়িতে খেলতে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি। প্রতিবেশী আলিম মোল্লা আজ সকাল পৌনে নয়টার দিকে রাজ্জাক মোল্লার বাড়ির ঘাটসংলগ্ন কুমার নদে গোসল করতে যান। এ সময় তিনি নদের পানিতে এক জোড়া পা ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে তা আরিফার বলে শনাক্ত করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের এক কিশোরীকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর মা সালেহা বেগম বলেন, আরিফার কানে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার টাকা মূল্যের সোনার তৈরি দুল ছিল। ওই দুল নেওয়ার জন্য তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।
আরিফার মামা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে এক কিশোরীকে পুলিশ আটক করেছে। ওই কিশোরী একটি মোবাইল ফোন কেনার জন্য আরিফার কানের দুল চুরি করেছে। পরে তার নানির বাড়ি থেকে আরিফার কানের দুলটি উদ্ধার করেছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসির মিয়া প্রথম আলোকে বলেন, নিহত আরিফার মুখে আঁচড়ের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এক কিশোরীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। ছোট একটি কানের দুলের জন্য জীবন দিতে হয়েছে সাত বছরের আরিফাকে। ওই দুলটি উদ্ধার করা হয়েছে।