কানের দুলের জন্য শিশু খুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কানের দুলের জন্য সামিয়া আক্তার (৫) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে এক তরুণ। উপজেলার বরকান্দা গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী সাঈদুজ্জামানের মেয়ে। এ ঘটনায় দশম শ্রেণীর এক ছাত্রকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সামিয়া বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ সামিয়াকে না দেখে মা জেসমিন আক্তারসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরে সন্ধ্যা সাতটায় তাদের পাশের ঘরের সামছুল হকের ঘরের খাটের নিচ থেকে কাঁথা দিয়া মোড়ানো অবস্থায় সামিয়াকে পাওয়া যায়। দ্রুত সামিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে কক্ষে সামিয়ার লাশ পাওয়া গেছে, সেখানে খলিলপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্র থাকত। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ওই তরুণের মানিব্যাগ থেকে মেয়েটির কানের দুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সামিয়ার দাদা মোসলেহ উদ্দিন ওই দিন রাতেই ওই তরুণকে আসামি করে হত্যা মামলা করেন।