কানের দুলের জন্য স্ত্রীকে পোড়ালেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের সময়ের প্রতিশ্রুতি অনুযায়ী যৌতুকের কানের দুল দিতে না পারায় এক স্বামী তাঁর স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রওশন আরা। তিনি ১৫ দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনা ঘটেছে গত ১৬ আগস্ট রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা বলেন, ‘যৌতুকের কানের দুল না দেওয়ার জন্যে স্বামী ও তার বাড়ির লোকজন মোর গায়োত কেরোসিন ঢালিয়া আগুন দিছে। মুই মনে হয় আর বাঁইচপার নও।’হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোকসেদ আলী বসুনিয়া বলেন, রোগীর অবস্থা তেমন একটা ভালো নয়। তবে চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না।পুলিশ ও রওশন আরার পরিবার সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে নূর আলমের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় রওশন আরার। তিনি পাশের গজঘণ্টা ইউনিয়নের জয়দেব গ্রামের ভ্যানচালক জয়নাল আবেদীনের মেয়ে। বিয়ের সময় যৌতুক হিসেবে বরকে ৩০ হাজার টাকা এবং এক জোড়া কানের দুল দেওয়ার কথা পাকাপাকি হয়। আগেই বরপক্ষকে ৩০ হাজার টাকা দিয়ে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের সময় কনেপক্ষ কথা দেয়, কানের দুল বিয়ের পর পরই দেওয়া হবে। কিন্তু অভাবের কারণে তা দিতে না পারায় রওশন আরাকে তাঁর স্বামী প্রায়ই নির্যাতন করতেন। একপর্যায়ে ১৬ আগস্ট নূর আলম ও তাঁর বাড়ির লোকজন রওশন আরার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গতকাল শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের একটি বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন রওশন আরা। তাঁর পুরো শরীর পুড়ে যাওয়ায় দগদগে ঘায়ের সৃষ্টি হয়েছে। এ সময় সেখানে উপস্থিত রওশন আরার বাবা জয়নাল আবেদীন বলেন, ‘অভাবের কারণে আইজ মাইয়াটার এই দুর্গতি হইল।’ ভয়-ভীতি প্রদর্শনের কারণে মামলা করারও সাহস পাননি বলে জানান তিনি। গতকাল শনিবার পশ্চিম মান্দ্রাইন গ্রামের বাড়ি গিয়ে রওশন আরার স্বামী নূর আলম ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাঁদের বাড়ির ঘরগুলোতে তালা ঝুলছে।গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমাদের কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’