কান্ডারি রাতে পৌঁছাবে, উদ্ধারকাজ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়ায় লঞ্চডুবিতে নিখোঁজ স্বজনের অপেক্ষায় পদ্মার পাড়ে বসে আছেন এই বৃদ্ধ। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: হাসান রাজা
মুন্সিগঞ্জের মাওয়ায় লঞ্চডুবিতে নিখোঁজ স্বজনের অপেক্ষায় পদ্মার পাড়ে বসে আছেন এই বৃদ্ধ। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: হাসান রাজা

উদ্ধারকারী জাহাজ ‘কান্ডারি-২’ আজ বুধবার রাত নয়টা নাগাদ মুন্সিগঞ্জের মাওয়ায় পৌঁছাতে পারে। এটি রাতে উদ্ধারকাজে অংশ নেবে না। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে জাহাজটি উদ্ধার তত্পরতা শুরু করবে।

চট্টগ্রাম বন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, বেলা তিনটার দিকে কান্ডারি-২ চাঁদপুরে ছিল। মাওয়া ঘাটে যেতে তিন ঘণ্টা সময় লাগবে। রাতে এটি কাজ শুরু করতে পারবে না। কাল সকাল আটটা-নয়টা নাগাদ এটি কাজ শুরু করবে।

মুন্সিগঞ্জে লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকাজে যোগ দিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে প্রথমে জরিপ-১০ জাহাজটি যাত্রা করে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রওনা হওয়ার তিন ঘণ্টার মধ্যেই বন্দরে ফিরে যায় জাহাজটি। তবে জরিপ জাহাজটির সঙ্গে থাকা ‘কান্ডারি-২’ জাহাজটি মাওয়ার পথে রওনা দেয়।

বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডোর এম শাহজাহান গতকাল জানিয়েছিলেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ‘জরিপ-১০’ জাহাজটি ফিরিয়ে নেওয়া হয়। তবে ডুবে যাওয়া জাহাজ শনাক্তকরণে ‘সাইড স্ক্যান সোনার’, ‘সাব বটম প্রোপাইলার’ ও ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’—এই তিনটি যন্ত্র ‘কান্ডারি-২’ জাহাজে তুলে দেওয়া হয়েছে।

বন্দরে হাইডোগ্রাফি বিভাগের প্রধান কমান্ডার এম এম করিম চৌধুরীর নেতৃত্বে ১২ জনের একটি দক্ষ দল রয়েছে ‘কান্ডারি-২’ জাহাজে। কান্ডারির আজ দুপুরে মাওয়া পৌঁছার কথা ছিল।

বন্দরের কর্মকর্তারা জানান, ‘সাইড স্ক্যান সোনার’ যন্ত্রের সাহায্যে জাহাজের দুই পাশে ২০০ মিটার দূরত্বে পানির নিচে থাকা বস্তু শনাক্ত করা যায়। ‘সাব বটম প্রোপাইলার’ যন্ত্রের সাহায্যে পানির তলায় বালি ও মাটির নিচের কঠিন বস্ত শনাক্ত করা যায়। পানির নিচে বা বালি-মাটির নিচে জাহাজসহ কোনো বস্তু শনাক্ত হওয়ার পর সেই জায়গার অবস্থান নির্ধারণ করতে ‘জিপিএস’-এর সাহায্য নেওয়া হবে। কান্ডারি-২ জাহাজের পাশাপাশি অন্য বাহিনীর জরিপ জাহাজেরও সাহায্য নেওয়া হতে পারে বলে জানা গেছে।

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ৪ আগস্ট ‘পিনাক-৬’ লঞ্চটি ডুবে যায়। এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে।