কান্তজিউ মন্দিরে আজ থেকে রাস মেলা শুরু
দিনাজপুর শহরের রাজবাড়ী মন্দির থেকে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহকে গতকাল রোববার শোভাযাত্রাসহ পালকিতে করে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে।
রাজবাড়ী মন্দির থেকে গতকাল সকাল নয়টায় কয়েক শ নারী-পুরুষ ভক্ত ও পুণ্যার্থী কান্তজিউ বিগ্রহ নিয়ে হেঁটে যাত্রা শুরু করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার তপতী বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশকে শোভাযাত্রার নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়। বেলা তিনটায় কান্তজিউ বিগ্রহ কাহারোলের কান্তজিউ মন্দিরে পৌঁছায়।
কাহারোলের কান্তিজউ মন্দিরের পূজারি পুলিন চক্রবর্তী বলেন, জন্মাষ্টমীর এক দিন আগে শ্রী শ্রী কান্তিজউ (রাধা-কৃষ্ণ) কাহারোল থেকে বাজবাড়ী মন্দিরে আনা হয়। সেখানে তিন মাস পূজা-অর্চনার পর রাস পূর্ণিমার এক দিন আগে রাজবাড়ী কান্তজিউ মন্দির থেকে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহ কাহারোলে আনা হয়। এ উপলক্ষে রাজবাড়ী মন্দিরে নারীরা বিভিন্ন পূজা-অর্চনা করেন ও মাকে (রাধা-কৃষ্ণ বিগ্রহ) বিদায় জানান।
কাহারোলের কান্তিজউ মন্দির প্রাঙ্গণে গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, মন্দিরের চারপাশে বিশাল চত্বরজুড়ে বসেছে রাসমেলা। দেশের দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার পুণ্যার্থীর পদচারণে মন্দির চত্বর মুখরিত হয়ে উঠেছে। সেখানে খাদ্য, মৃৎশিল্প, চারু ও কারু পণ্য, চুড়ি, শাখা, সিঁদুরসহ নানা ধরনের ধর্মীয় পুস্তকের দোকান দেখা যায়।
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক বলেন, আজ সোমবার মধ্যরাতে রাস উৎসব হবে। এ উৎসব দেখতে প্রতিবছরের মতো এবারও দুই লক্ষাধিক ভক্ত-পুণ্যার্থী ও দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটবে বলে তিনি আশা করছেন। আজ বিকেল পাঁচটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী রাসমেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম ও উপজেলা চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।