কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব ও মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তনগর মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব ও রাসমেলা। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এ উৎসবের উদ্বোধন করেন।
রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক। সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ, স্থানীয় সুন্দরপুর ইউপি চেয়ারম্যান নাসিরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী, সদস্য প্রেম নাথ রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোরঞ্জন শীল বলেন, ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে অনুষ্ঠিত রাসমেলা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এই মেলা সব ধর্মের মানুষের মিলনমেলা। তিনি আরও বলেন, ঐতিহাসিক কান্তজিউ মন্দির কাহারোল উপজেলাকে কেবল সারা দেশেই পরিচিত করেনি, বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।
এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক বলেন, কান্তনগর মন্দির প্রাঙ্গণে রাস উৎসব ও মেলা দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব। প্রতিবছর বাংলা কার্তিক মাসের পূর্ণিমার প্রথম প্রহরে রাস উৎসব শুরু হয়। পূজা-অর্চনা শেষে রাত ঠিক ১২টা ১ মিনিটে শ্রীশ্রীকান্তজিউ বিগ্রহকে মন্দিরের রাস বেদিতে স্থাপন করা হবে। সেখানে পূজা ও রাস ঘোরানো শেষে রাত দুইটার পর কান্তজিউ বিগ্রহকে পুনরায় মন্দিরে নিয়ে আসা হবে। মাসব্যাপী রাসমেলার নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুর পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।
সরেজমিনে দেখা গেছে, মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বসেছে সার্কাস, যাত্রা, পুতুলনাচ। এ ছাড়া হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিঁদুর, শঙ্খ, বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মন্দির এলাকায় শত শত বৈষ্ণবী চন্দন কাঠের মণ্ড বানিয়ে ভক্তদের কপালে তিলক পরিয়ে দিচ্ছেন। বিনিময়ে ভক্তরা নিজেদের খুশিমতো বৈষ্ণবীদের দান করছেন দক্ষিণা। বিভিন্ন জেলা থেকে আসা ছোট ছোট দলকে কীর্তন পরিবেশন করতে দেখা গেছে।
ফরিদপুর শহর থেকে আসা হরিপদ রায় (৬০), কমলা দেবীসহ (৫০) অনেক পুণ্যার্থী বলেন, তাঁরা প্রতিবছর কান্তনগর মন্দিরের রাস উৎসব ও মেলায় আসেন।
ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার নির্মল অধিকারী (৫৫) বলেন, ঐতিহাসিক কান্তজিউ মন্দির বিশ্বের অন্যতম সেরা টেরাকোটা মন্দির। ভারতের বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রতিবছর তাঁর মতো শত শত ভক্ত এ মেলায় আসেন।