কান্তজিউ মন্দিরে রাসপূর্ণিমায় রাসলীলা
আজ শনিবার রাসপূর্ণিমা। আসলে কার্তিক মাসের পূর্ণিমাকেই বলা হয় রাসপূর্ণিমা। তবে এ বছর মল মাস হওয়ায় রাসপূর্ণিমা অগ্রহায়ণে হচ্ছে।গোপী-গোবিন্দের মিলনানন্দের চরম বিকাশই রাস। হিন্দুধর্মাবলম্বীদের কাছে এ দিনটি পবিত্র। উপমহাদেশের বিভিন্ন রাধাকৃষ্ণ মন্দিরে রাসপূর্ণিমায় রাসলীলা ও রাসমেলার আয়োজন করা হয়। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রত্ননিদর্শন ও ধর্মীয় প্রতিষ্ঠান কান্তজিউ মন্দির প্রাঙ্গণে প্রতিবছরই রাসলীলা ও রাসমেলা অনুষ্ঠিত হয়।রাসলীলা হলো সর্বপাপহরণকারী অনুষ্ঠান। এই রাতে ‘শ্রীশ্রী রুক্সিণী-কান্তজিউ’র যুগলমূর্তি আনুষ্ঠানিকভাবে মন্দির থেকে বের করে এনে মন্দিরের পশ্চিমে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত রাসমঞ্চের ওপর স্থাপন করা হয়। রাসমঞ্চের ওপর স্থাপন করা হয় মায়াজাল। মায়াজালের নিচে মধ্যখানে গম্বুজ থাকে। গম্বুজের ওপরে রাসচক্র স্থাপন করা হয়। রাসচক্রটিকে শোলার তৈরি কদম, মাছরাঙা ফুল এবং কলাগাছ দিয়ে অপরূপ সাজে সজ্জিত করা হয়।ঝুলনের চারদিকে সহস্রকোটি গোপীর প্রতীক হিসেবে আঠারো গোপী স্থাপন করা হয়। রাসমঞ্চে যখন শ্রীশ্রী রুক্সিণী-কান্তজিউর যুগলমূর্তিকে পূজা দেওয়া হয়, তখন অনন্তর চন্দ্রাবলি, রতিমঞ্জুরী, শ্যামলা, শশিকলা, চিত্রা, সুমুখী, ললিতা, বিশাখা, মদনসুন্দরী, অঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, শশিরেখা, হরিপ্রিয়া, পদ্মা, সব্যা, ভদ্রা—এই আঠারো গোপী এবং শিবের পূজা করা হয়। রাসপূর্ণিমার রাতেই শুরু হয় রাসমেলা। মহাসমারোহপূর্ণ এই মেলা এক মাস স্থায়ী হয়।পবিত্র কান্তজিউ মন্দিরের পাদদেশ বিধৌত করে যেমন স্বচ্ছ সলিল ধারায় বয়ে চলে ঢেপানদী, তেমনি অবিরাম-অবিশ্রান্ত গতিতে ত্রস্তপদে মনের অখণ্ডতা নিয়ে পবিত্র স্থানের মেলায় এসে সমবেত হয় পুণ্যার্থীর দল। অজস্র তীর্থযাত্রীর সমাগম হয় এই মেলায়। সারা দিন ধরে পিপীলিকার সারির মতো সংকীর্ণ মেঠোপথে, ব্যক্তিগত গাড়িতে, মোটরসাইকেলে, বাসে, ভ্যানে, গরুর গাড়িতে, রিকশায় চড়ে দূর-দূরান্ত থেকে তীর্থযাত্রীরা ভক্তিপূর্ণ মন নিয়ে এগিয়ে আসেন মন্দিরের দিকে। অফুরন্ত জনসমুদ্র, এক অবিশ্বাস্য ব্যাপার! দূরপথের ক্লান্তিশেষে উত্তাল জনতা যেন পবিত্র মন্দিরের দ্বারপ্রান্তে এসে স্থির হয়ে যায়।ঢেপানদীর পূর্বদিগন্তে পূর্ণিমার রুপালি চাঁদ ধীরে ধীরে মাথা তুলে জেগে ওঠে। মেলাজুড়ে একটা অদ্ভুত শিহরণের রহস্যময়তা বয়ে যায় ভক্তকুলের মনে-প্রাণে। এটা যেন তাঁদের জীবনে এক দুর্লভ উপলক্ষ, সৌভাগ্য রজনীও। চাঁদের রং ও মাধুর্য এ দিন অপরূপ সৌন্দর্যমণ্ডিত হয়ে আপন মহিমার মূর্তি ফুটিয়ে আবির্ভূত হয়। উদয় তোরণ দিয়ে পূর্ণচন্দ্র যখন স্বর্ণ রথে আরোহণ করে মন্দিরের চূড়ায় তার রজতশুভ্র বিপুল জ্যোৎস্নারাশি দিগ্ময় ছড়িয়ে দেয়, তখন আনত মস্তকে ভক্তিপূর্ণ হূদয়ে তীর্থযাত্রীরা সর্বপাপতাপহরা সেই মহামুহূর্তটিকে স্বাগত জানান।রাসমঞ্চের চারদিক ঘিরে সমবেত হন তীর্থযাত্রীরা। মধ্যরাতে শুরু হয় রাসলীলাপর্ব। চন্দ্রালোকিত রাতের স্নিগ্ধ সুষমা ধারায়-রাসমঞ্চে বিগ্রহসমূহের পূজা-অর্চনা এবং লীলা উৎসব দেখে ভক্তরা পুণ্যস্নাত হন। এরপর ওই রাতেই শ্রীশ্রী রুক্সিণী-কান্তজিউ বিগ্রহকে পরম শ্রদ্ধাভরে রাসমঞ্চ থেকে নিয়ে যাওয়া হয় মন্দিরে। রাসমেলায় এক মাস বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন মহাসমারোহে পারিবারিক এবং দলগতভাবে এসে আনন্দ, পর্যবেক্ষণ এবং কেনাকাটা করেন।ঘরের প্রয়োজনীয় এবং শখের বহু জিনিস, যেগুলো মেলা ছাড়া কোথাও বিক্রি হয় না, সেই জিনিসগুলো কিনতে দল বেঁধে বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন রাসমেলায় এসে থাকেন।প্রতিবছর রাসমেলা এক মাস স্থায়ী হলেও শেষ দিনটি পর্যন্ত মেলায় আসা লোকজন এবং বিক্রেতারা মেলার সময়সীমা আরও বাড়িয়ে দেওয়ার আশা রাখেন।দিনাজপুর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার কান্তনগর এবং শ্যামগড় মৌজায় অবস্থিত এই কান্তজিউ মন্দির। এই মন্দির প্রাঙ্গণে রাসপূর্ণিমায় অনুষ্ঠিত রাসলীলা-রাসমেলা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মন্দির পরিচালনা কমিটি, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের সব সদস্য, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর, নিরলস দায়িত্ব আন্তরিকতার সঙ্গে প্রতিবছর পালন করে আসছে। ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক ভ্রমণ, দলগত আনন্দ-উচ্ছলতা, কেনাবেচা, মেলা দেখার জন্য দেশের জনগণ এবং বিদেশের পর্যটক কান্তজিউ মন্দিরে আসেন।