কান্দিপাড়া বাজারে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। ব্যবসায়ীদের মুক্তি দাবি, সাংসদের গুলির ঘটনার বিচার এবং পাগলা থানা বাস্তবায়নের প্রতিবাদে কান্দিপাড়া বাজার বণিক সমবায় সমিতি এ কর্মসূচি পালন করে। হরতালের সমর্থনে এলাকার সর্বস্তরের মানুষ দিনব্যাপী খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে। সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে বাজারে এক প্রতিবাদ সভা হয়।এদিকে সকালে হরতাল চলাকালে সাংসদ-সমর্থিত নেতা-কর্মীরা বাজারে আসতে চাইলে হরতালকারীরা তাঁদের ধাওয়া করে। তাঁরা পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় শিমুল শেখ নামে সাংসদের এক সমর্থক গণধোলাইয়ের শিকার হন।প্রতিবাদ সভায় বক্তব্য দেন কান্দিপাড়া থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক নাজিরুজ্জামান, প্রজন্ম-৭১ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান খোকন ও কান্দিপাড়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার।বক্তারা বলেন, অবিলম্বে সাংসদের পদত্যাগ ও বিচার, নিরীহ মানুষকে হয়রানি বন্ধ, ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি ও নবগঠিত পাগলা থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রতিবাদে তাঁদের এ আন্দোলন অব্যাহত থাকবে।কয়েক মাস আগে এক সভায় পাগলা থানা বাস্তবায়নের সিদ্ধান্তের পর থেকেই এর প্রতিবাদে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, হরতাল-অবরোধসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করছিল উপজেলার উস্থি, পাঁচবাগ, মশাখালী ইউনিয়নের লোকজন। ১৮ মে সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদ কান্দিপাড়া বাজারে গণসংযোগ শেষে ফেরার সময় এলাকাবাসী রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে তাঁর গাড়িতে ভাঙচুর করে। এ সময় তিনি গুলি ছোড়েন।